উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চলচ্চিত্রে (Cinema Information) বিনিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকির মতো গুরুতর অভিযোগে আইনি বিপাকে পড়লেন জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। হুগলির আরামবাগের এক চলচ্চিত্র ব্যবসায়ীর পক্ষ থেকে কলকাতার চারু মার্কেট থানায় অভিনেতার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় টালিগঞ্জ (Tollywood) পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগকারী শেখ শাহিদ ইমাম, যিনি ‘সোনম মুভিজ’-এর কর্ণধার, তাঁর দাবি অনুযায়ী ২০২১ সালে ‘মানিকজোড়’ (পরে নাম পরিবর্তিত হয়ে রাখা হয় ‘পাকা দেখা’) নামক একটি ছবি তৈরির জন্য তিনি অভিনেতা সোহম চক্রবর্তীকে ৬৮ লক্ষ টাকা দিয়েছিলেন। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ভালো ব্যবসা করে এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি হলেও বিনিয়োগকারী তাঁর লাভের অংশ বা আসল টাকা ফেরত পাননি।
টাকা ফেরত চাইতে গেলে দিনের পর দিন টালবাহানা করা হয় বলে অভিযোগ। এমনকি পরবর্তী সময়ে সাউথ সিটি মলের বেসমেন্টে সোহমের সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায় তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। সে সময় সোহম বিধায়ক থাকায় তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। এই বিষয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে সোহম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এটিই প্রথম নয়। এর আগেও চলতি বছরের জুন মাসে সোহমের বিরুদ্ধে বিনিয়োগ সংক্রান্ত প্রতারণার অনুরূপ অভিযোগ সামনে এসেছিল। সেই সময় কৌশিক কর্মকার নামক এক ব্যক্তি অভিযোগ করেছিলেন যে, ‘লাল সুটকেসটা দেখেছেন?’ ছবিতে অভিনয়ের কথা বলে তাঁর কাছ থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু না হল ছবি, না ফেরত পাওয়া গেল টাকা। সেই সময়ও বিধায়ক পদ ও ক্ষমতা দেখিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ওই বিনিয়োগকারী। একের পর এক এমন গুরুতর অভিযোগে অভিনেতার পেশাগত ভাবমূর্তি নিয়ে বড়সড়ো প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে।

