দীর্ঘদিন ধরে আসছেন না চেয়ারম্যান। বেশিরভাগ কাউন্সিলরও অনুপস্থিত। সেই কারণে ব্যাপক অচলাবস্থা আরামবাগ পুরসভায়। এর জেরে অবশেষে ভেঙে দেওয়া হল পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ড। বসানো হল পুর প্রশাসক। আরামবাগের ডেপুটি ম্যাজিস্ট্রেট সমর দত্তকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। আরামবাগের মহকুমাশাসকের নির্দেশে এই প্রশাসক নিয়োগ হল।
রাজ্যে পালাবদলের পর পুরসভায় দীর্ঘদিন আসেননি পুরপ্রধান সমীর ভাণ্ডারি। নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে অন্যান্য কাউন্সিলাররাও অনুপস্থিত। ফলে একাধিক গুরুত্বপূর্ণ কাজ আটকে গিয়ে পুরসভায় কার্যত অচলাবস্থা তৈরি হয়। এর ফল ভুগতে হচ্ছে শহরের নাগরিকদের। পুর কর্মীদের বেতনও আটকে গিয়েছে। ফলে মাথায় হাত পড়েছে কর্মীদের। এব্যাপারে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। পরিস্থিতির শিকার হচ্ছেন নাগরিক থেকে পুর কর্মীরাও। এরপরই আরামবাগের মহকুমাশাসক রবি কুমার এব্যাপারে পদক্ষেপ নেন। তিনি আরামবাগ পুরসভায় প্রথমে নোটিস দেন। সদর্থক জবাব না পেয়ে বোর্ড ভেঙে দেওয়া হয়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বুধবার থেকেই পুর প্রশাসক হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট সমর দত্ত। এবার থেকে তিনি গোটা পুরসভার কার্যক্রম সামলাবেন। সকলের আশা, এবার পুরসভা সঠিকভাবে চলবে। এনিয়ে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ বলেন, অচল থাকলে হবে না। সাধারণ মানুষ হয়রান হচ্ছেন। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হল আরামবাগ প্রশাসন।
ভেঙে যাওয়া বোর্ডের ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় বলেন, “শারীরিক অসুস্থতার জন্য এক-দেড় মাস হল চেয়ারম্যান পুরসভায় আসতে পারছেন না। সেই কারণেই বোর্ড ভাঙা হয়েছে। মানুষ যাতে পরিষেবা ভালো পায় সেই কারণেই এই সিদ্ধান্ত। তাই আমরা সকলেই এই সিদ্ধান্ত মেনে নিয়েছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
