উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বকাপের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করে আজ রাতে পর্দা উঠছে ফুটবল মহোৎসবের ২৩ তম আসরের। উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ উদ্যোগে এবারের বিশ্বকাপ কেবল মাঠের লড়াইয়েই নয়, মাঠের বাইরের সাংস্কৃতিক মেলবন্ধনেও ইতিহাস গড়তে চলেছে। আজ বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই বিশ্বের ফুটবল উৎসব (World Cup Opening Ceremony)। উদ্বোধনী পর্বের ঠিক পরপরই, রাত ১২ টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা (exico vs South Africa)।
প্রথাগত একক আয়োজনের ধারণাকে ভেঙে এবার তিন দেশেই পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ভিন্ন মাত্রা যোগ করা হচ্ছে। মূল সূচনার দায়িত্ব পেয়েছে মেক্সিকো। অ্যাজটেকা স্টেডিয়ামে ল্যাটিন ঐতিহ্য, আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পের সুর ও আলোর কোরিওগ্রাফিতে মঞ্চ মাতাবেন শাকিরা, জে বালভিন ও বার্না বয়ের মতো বিশ্বখ্যাত তারকারা।
অন্যদিকে, ফুটবলের এই জোয়ারে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরতে প্রস্তুত কানাডা ও যুক্তরাষ্ট্রও। টরন্টো স্টেডিয়ামে কানাডার উদ্বোধনী মঞ্চে নোরা ফাতেহি, মাইকেল বুবলের অনুষ্ঠান রয়েছে। আর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে আলো-ঝলমলে পারফরম্যান্সে দর্শকদের বুঁদ করে রাখবেন কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা এবং ফিউচার। দীর্ঘ দেড় মাসব্যাপী এই ফুটবল যুদ্ধ ঘরে বসে সরাসরি উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
