উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজ্যের মহিলাদের জন্য সুখবর। আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাচ্ছেন মহিলারা (Free Bus Trip)। রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই বিশেষ গণপরিবহন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। চাকরিজীবী মহিলা, ছাত্রী থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াতকারী—সকলের যাতায়াত খরচ কমানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সকল মহিলারা এই প্রকল্পের আওতায় আসবেন। রাজ্যের সরকারি পরিবহণ সংস্থাগুলোর অধীনে থাকা সমস্ত বাস (WBTC, NBSTC এবং SBSTC) এবং দূরপাল্লার সরকারি বাসগুলোতে এই বিনামূল্যে যাতায়াতের সুবিধা মিলবে।
প্রাথমিক পর্যায়ে পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে বাসের কন্ডাক্টর মহিলাদের ‘জিরো ভ্যালু টিকিট’ (বিনামূল্যে টিকিট) দেবেন। পরবর্তী ধাপে সরকার সকল যোগ্য মহিলাকে একটি ডিজিটাল ‘স্মার্ট কার্ড’ (QR কোড-সহ) প্রদান করবে, যার মাধ্যমে যাতায়াত প্রক্রিয়া আরও সহজ হবে।
আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র:
স্মার্ট কার্ড পাওয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার BDO বা SDO দপ্তরে নির্দিষ্ট আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং সরকারি পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত ১ জুন থেকে বাসে যাতায়াতের সময় নিচের ১১টি নথির মধ্যে যেকোনো একটি সবসময় সঙ্গে রাখা জরুরি:
১. আধার কার্ড
২. ভোটার সচিত্র পরিচয়পত্র (EPIC)
৩. MGNREGA জব কার্ড
৪. আয়ুষ্মান ভারত কার্ড
৫. ড্রাইভিং লাইসেন্স
৬. প্যান কার্ড
৭. ভারতীয় পাসপোর্ট
৮. ছবি-সহ পেনশন সংক্রান্ত নথিপত্র
৯. কেন্দ্রীয়/রাজ্য সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী পরিচয়পত্র
১০. স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক পরিচয়পত্র
১১. রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত যেকোনো ছবি-সহ পরিচয়পত্র
সরকারের এই সিদ্ধান্তের ফলে কর্মজীবী মহিলারা এবং ছাত্রীরা আর্থিকভাবে অনেকটাই লাভবান হবেন। প্রতিদিনের যাতায়াত খরচ সাশ্রয় হওয়ায় এটি রাজ্যের লক্ষ লক্ষ মহিলার দৈনন্দিন জীবনে বড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল।
