উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাতীয় নির্বাচন কমিশন (ECI) এবং কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে ফের এক মারাত্মক অভিযোগ তুলল কংগ্রেস। ১২টি রাজ্যে এসআইআর (Particular Intensive Revision) প্রক্রিয়ার নামে ভোটার তালিকা থেকে কোটি কোটি নাম বাদ দিয়ে ‘ভোট চুরি’র খেলা চলছে! সোমবার সাংবাদিক বৈঠকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে দেশের প্রধান বিরোধী দল।
সোমবার পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্যে নির্বাচন কমিশন SIR-এর ঘোষণা করতেই কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। দলের বক্তব্য, নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার মাধ্যমে ‘প্রকাশ্য ভোট ডাকাতি’ করতে চলেছে, যা ঘটছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ও কমিশনের গোপন ‘আঁতাতে’।
এই প্রসঙ্গে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা এই অভিযোগের কেন্দ্রে রেখেছেন বিহারের SIR প্রক্রিয়াকে। তাঁর দাবি, বিহারে এই কর্মসূচির সময় প্রায় ৬৯ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছিল। তিনি বলেন, “বিহারের ঘটনা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ তৈরি করেছে।” তিনি এও প্রশ্ন তোলেন, বিহারে কী ঘটেছে, তার উত্তর এখনও না মেলার আগেই কেন ১২ রাজ্যে তড়িঘড়ি এই নতুন SIR ঘোষণা করা হল? এমনকি, বিষয়টি যখন সুপ্রিম কোর্টে বিচারাধীন, তখন দেশব্যাপী এই উদ্যোগ নেওয়ার কারণ কী?
কংগ্রেসের পক্ষ থেকে মনে করিয়ে দেওয়া হয়, অতীতে রাহুল গান্ধি কর্ণাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা কারচুপির অভিযোগ তুলেছিলেন এবং সেই তদন্তে ‘কেন্দ্রীয়ভাবে নাম বাদ দেওয়ার প্রমাণ’ পাওয়া গিয়েছিল। খেরার মতে, বিহারের নজির ও কর্ণাটকের অভিজ্ঞতার পর ১২ রাজ্যে একই ধরনের পদক্ষেপ নেওয়া ‘অত্যন্ত সন্দেহজনক’।
বিহার প্রসঙ্গে কংগ্রেসের আরও সংযোজন, বিজেপি সেখানে ‘অবৈধ অনুপ্রবেশকারীদের’ প্রসঙ্গ রাজনৈতিকভাবে ব্যবহার করলেও, কমিশন এ বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি, যা তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলে। অপরদিকে, নির্বাচন কমিশন এই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। কমিশন জানিয়েছে, SIR তাদের নিয়মিত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার একটি অংশ মাত্র। তাদের দাবি, বিহারে এই সংশোধন প্রক্রিয়ার দরুন কোনও আনুষ্ঠানিক অভিযোগও জমা পড়েনি।
