SIR | এসআইআর আতঙ্কে কীটনাশক পান করা খাইরুলের অবস্থা আশঙ্কাজনক! দেখতে গেলেন উদয়ন

SIR | এসআইআর আতঙ্কে কীটনাশক পান করা খাইরুলের অবস্থা আশঙ্কাজনক! দেখতে গেলেন উদয়ন

খেলাধুলা/SPORTS
Spread the love


কোচবিহার: এসআইআর (SIR) আতঙ্কে বিষ পান করা দিনহাটার (Dinhata) খাইরুল শেখের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে (MJN Medical Faculty & Hospital) চিকিৎসাধীন। চিকিৎসায় সাড়া না দেওয়ায় উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবারও হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তৃণমূলের (TMC) নেতারা। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য বাড়ছে।

জানা গিয়েছে, দিনহাটা-২ এর বুড়িরহাট-২ গ্রাম পঞ্চায়েতের জিৎপুর প্রথম খণ্ড গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সি খাইরুল শেখ গতকাল কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, ২০০২ সালের ভোটার তালিকা ও বর্তমান ভোটার কার্ডে তাঁর নামের বানান পরিবর্তন থাকা নিয়েই তিনি চিন্তিত ছিলেন। এর মাঝেই এসআইআরের আতঙ্কে তিনি বিষ পান করেন বলে অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল ও পরে এমজেএন মেডিকেলে তাঁকে স্থানান্তরিত করা হয়। প্রথমে তাঁকে এইচডিইউ বিভাগে রাখা হলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।

এদিন রাতে তাঁকে দেখতে হাসপাতালে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। যদিও বিজেপি (BJP) দাবি করেছে, এসআরআই নিয়ে তৃণমূলই বিভ্রান্তি ছড়াচ্ছে। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মনের দাবি, ‘তৃণমূল রাজনীতি করার জন্যই বিভ্রান্তি ছড়াচ্ছে।’ পালটা উদয়ন গুহ বলেন, ‘বিজেপি বারবার বলে আসছে, যে বহু ভোটারের নাম বাদ যাবে। সেখান থেকেই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। আমরা প্রথম থেকেই বলছি, যাতে একজন প্রকৃত ভোটারের নাম বাদ না যায়। এরকম দুর্ঘটনা যাতে আর কোথাও না ঘটে সেজন্য আমরা ধারাবাহিক কর্মসূচি করব।’

এদিন সকালে হাসপাতালে খাইরুলকে দেখতে গিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। তাঁর কথায়, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ওঁনার অবস্থা আশঙ্কাজনক। তাঁর সুস্থতা কামনা করি।’ হাসপাতালের অধ্যক্ষ নির্মলকুমার মণ্ডল বলেন, ‘শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এইচডিইউ থেকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে খাইরুল শেখকে। চিকিৎসকরা নিয়মিত তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *