শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri)-তে বড় দুর্ঘটনার (Accident) হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়া বোঝাই ভ্যান। এয়ারভিউ মোড় এলাকায় বৃহস্পতিবার সকালে ভ্যানটিকে ধাক্কা মারে একটি দ্রুতগতির বাস। ধাক্কা এতটাই জোরে ছিল যে ভ্যানটি রাস্তায় উলটে যায়। ভ্যানের ভিতরে তখন ৪ জন ছাত্র-ছাত্রী ছিল। দুর্ঘটনায় ৪ শিশু পড়ুয়া জখম হয়েছে। আহতদের শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাদের।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বাসটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে জংশন ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে প্রধাননগর থানার হাতে তুলে দেয়। দুর্ঘটনাটি শিলিগুড়ি থানা এলাকায় হওয়ায় শিলিগুড়ি পুলিশ তদন্ত শুরু করেছে।
