নয়াদিল্লি: গুয়াহাটি থেকে হায়দরাবাদ। টেস্ট সিরিজ শেষে বাড়ি ফেরার পথে বিমানযাত্রায় বিপত্তি। দীর্ঘক্ষণ আটকে থাকা। বিমান কর্তৃপক্ষের তরফে যাত্রীদের সঙ্গে যোগাযোগও ঠিকঠাক ছিল না। সমাজমাধ্যমে যা নিয়ে ক্ষোভ উগরে দেন মহম্মদ সিরাজ। তুলে ধরেন ‘বিমানযাত্রার’ জঘন্য অভিজ্ঞতার কথা। এদিন যা নিয়ে সিরাজের কাছে ক্ষমা চেয়ে নিল বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।
সমাজমাধ্যমে করা পোস্টে সিরাজ লিখেছিলেন, ‘গুয়াহাটি থেকে হায়দরাবাদে যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার বিমান ধরেছিলাম। ছাড়ার কথা ছিল সন্ধে ৭.২৫ মিনিটে। চার ঘণ্টা অপেক্ষার পরও বিমান সংস্থার থেকে কোনও পরিষ্কার বার্তা দেওয়া হয়নি! বারবার বলার পরও সঠিক কারণ জানানোর প্রয়োজন মনে করেনি। অথচ, যাত্রীরা ন্যূনতম এই পরিষেবাটুকু আশা করতেই পারে। সবমিলিয়ে খুব খারাপ অভিজ্ঞতা।’
মহম্মদ সিরাজের পোস্ট ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সমাজমাধ্যমেই ভারতীয় দলের পেসারের কাছে ক্ষমা চেয়ে নেন বিমান কর্তৃপক্ষ। তাঁরা লিখেছেন, ‘আমরা বুঝতে পারছি কীরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। লম্বা সময় যেভাবে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, তা প্রশংসাযোগ্য। মিস্টার সিরাজ, এই পরিস্থিতির জন্য আন্তরিকভাবে আমরা ক্ষমাপ্রার্থী। অপারেশনাল কারণে এই বিপত্তি। বিমানবন্দরে থাকা আমাদের কর্মীরা সর্বতোভাবে যাত্রীদের সহযোগিতা করার চেষ্টা করেছে।’
