Siliguri | শিলিগুড়িতে শব্দদানবের দাপট! দীপাবলির রাতে বিনিদ্র রজনী কাটিয়ে হাসপাতালে ছুটলেন বহু মানুষ

শিক্ষা
Spread the love


সাগর বাগচী ও শমিদীপ দত্ত, শিলিগুড়ি: আলোয় সেজেছিল শহর। উৎসবের নির্মল আনন্দে মেতে উঠতে শিলিগুড়ি (Siliguri) প্রস্তুত ছিল। কিন্তু রবিবার সন্ধ্যা গড়াতেই সেই আনন্দের আবহে ছেদ পড়ে। শুরু হয় শব্দবাজির দাপট। সন্ধ্যা থেকে শুরু হওয়া বিকট আওয়াজ রাত পেরিয়ে ভোররাত পর্যন্ত চলে। একের পর এক শব্দবাজির গর্জনে কেঁপে ওঠে শহর। বাতাসে ছড়িয়ে পড়ে বারুদের ‘বিষ’। শব্দ ও বায়ু দূষণের সমস্যায় পড়েন বয়স্কদের পাশাপাশি শিশুরাও। অসাবধানতায় বাজি পোড়াতে গিয়ে আহতও হন অনেকে। তাঁদের মধ্যে প্রায় ২০ জনকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের অবশ্য ছেড়ে দেওয়া হয়। সমস্যা শুধু রবিবারেই আটকে থাকেনি। শব্দদানবের তাণ্ডব এবারের মতো থেমেছে বলে কেউ কেউ মনে করেছিলেন। কিন্তু কোথায় কী! সোমবার বিকেল থেকেই ফের দৌরাত্ম্য দেখানো শুরু করে। এদিনও অনেকটা রাত পর্যন্ত তার দাপট অব্যাহত ছিল। পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে আরও একবার অভিযোগ জোরালো হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এক আধিকারিকের অবশ্য সংক্ষিপ্ত মন্তব্য, ‘আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।’

বায়ু দূষণের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন বক্ষরোগ বিশেষজ্ঞ ডাঃ দীপায়ন ঘোষ। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রোগীরা আসছেন বলে জানিয়ে তিনি বলেন, ‘এবারের দীপাবলি দেরিতে পড়েছে। ইতিমধ্যেই ঠান্ডা পড়ে গিয়েছে। সেই কারণে বায়ুতে ভাসমান বিভিন্ন কণা নীচে নেমে আসায়, আমাদের প্রশ্বাসের আওতার মধ্যে চলে আসছে। ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা এবার বেড়ে গিয়েছে। প্রতিবছরই এমন রোগী পাই। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এদিন দুজন রোগী পেয়েছি। রংমশাল জ্বালানোর জেরে একজনের শ্বাসকষ্টের সমস্যা হয়।’ শিশুদের ক্ষেত্রেও আতশবাজির ধোঁয়ার প্রভাব নিয়ে সতর্ক করছেন চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সঞ্জিতকুমার তিওয়ারি জানান, ধোঁয়া নাকে যাওয়ার পর তার প্রভাব সঙ্গে সঙ্গে বোঝা নাও যেতে পারে। তিনি বলেন, ‘আতশবাজির ধোঁয়ার ফলে চোখ জ্বালা করা, নাক বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ছয় থেকে আট ঘণ্টা পর থেকে ব্রংকাইটিসের সমস্যা শুরু হয়। সেই ক্ষেত্রে দু’দিন পর থেকে বাচ্চাদের বিভিন্ন সমস্যা বেশি দেখা দেয়।’

দীপাবলির (Diwali 2026) রাতে শিশুদের ধোঁয়া থেকে বাঁচাতে অনেক অভিভাবক ঘরের দরজা ও জানলা বন্ধ করে রেখেছিলেন। তাতেও কি পুরোপুরি সুরক্ষিত ছিল শিশুরা? সঞ্জিতকুমার বলেন, ‘যেভাবে আতশবাজি ফেটেছে তাতে ঘরের ভেতর থাকা বাচ্চাদের মধ্যেও কিছুটা হলেও প্রভাব পড়তে পারে। কেননা, ঘরের ভেতরেও সেই আতশবাজির ধোঁয়া ঢুকেছে।’

শব্দবাজির বিকট আওয়াজ রাতের ঘুম কেড়েছে বহু মানুষের। আতশবাজির বিকট শব্দে ঘরের দরজা–জানলা প্রতি মুহূর্তে কেঁপেছে। পেশায় বেসরকারি স্কুলের শিক্ষিকা, দেশবন্ধুপাড়ার বাসিন্দা রজনী পাল বললেন, ‘সারারাত ঠিক করে ঘুমোতে পারিনি। আমার বছর ৭০-এর মা সারারাত জেগেই ছিলেন। সরকারি নিয়ম কোথাও মানা হয়নি।’ হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ প্রিয়ঙ্কর মণ্ডল সতর্ক করছেন, ‘বাজির বিকট শব্দে বিভিন্ন বয়সের মানুষের সমস্যা হচ্ছে। অনেকের ঘুম হচ্ছে না, প্রেশার বেড়ে যাচ্ছে। এর ফল কিন্তু সুদূরপ্রসারী হতে পারে।’

শব্দবাজির কারণে হাসপাতাল ও নার্সিংহোমে থাকা অসুস্থদের পাশাপাশি তাঁদের পরিবারের লোকজনকেও রাতভর ভুগতে হয়েছে। সারারাত না ঘুমোনোর ছাপ চোখেমুখে স্পষ্ট ছিল ফাঁসিদেওয়ার বাসিন্দা ইন্দিরা রায়ের। বৃহস্পতিবার থেকে পেটে ব্যথার কারণে তাঁর মেয়ে হাসপাতালে ভর্তি। দূরের বাসিন্দা হওয়ায় গত কয়েক দিন ধরেই হাসপাতালের খোলা জায়গায় রাত কাটাচ্ছেন ইন্দিরা। দীপাবলির রাতে বাজির শব্দে ঘুম আসেনি। তার উপর আগুনের ফুলকি এসে পড়ার আশঙ্কাও ছিল। ইন্দিরা বললেন, ‘সারারাত বাজির কারণে দুই চোখ এক করতে পারিনি। এমনিতেই তো খোলা জায়গায় সারারাত কাটিয়েছি। ভয় লাগছিল, যে কোনও সময় আগুন না এসে পড়ে। সকালে মেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে শুনলাম, মেয়েটাও সারারাত ঘুমোতে পারেনি।’ সেবক রোডের একটি নার্সিংহোমে পেডিয়াট্রিক বিভাগের বাইরে সারারাত কাটিয়েছেন মাধবী মণ্ডল। একের পর এক বাজির আওয়াজে বারবার কেঁদে উঠছিল তাঁর চার মাসের সন্তান। সন্ধ্যা থেকেই বাজি ফাটতে শুরু করায় উদ্বেগ বাড়ছিল তাঁর। মাধবী বললেন, ‘রবিবার রাতে শুধু আমিই নয়, সবমিলিয়ে আমরা পনেরোজন শিশুর মা রাত জেগে কাটিয়েছি। শিশুরা সারারাত ধরে কেঁদেছে।’ এত সচেতনামূলক প্রচার। কিন্তু নিট ফল? শূন্য। সমাধান কী? কারও জানা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *