Jalpaiguri Authorities Medical Faculty & Hospital | মেশিনে যান্ত্রিক ত্রুটি! জলপাইগুড়ি মেডিকেল কলেজে এক্স-রে করাতে এসে বিপাকে রোগীরা

ব্লগ/BLOG
Spread the love


অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: এক্স-রে (X-ray) করাতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে রোগীদের। কাউকে দেওয়া হচ্ছে সাতদিন, কাউকে আবার ১০ দিন পর আসার পরামর্শ। ফলে চিকিৎসকের নির্দেশে এক্স-রে করাতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও পরীক্ষা না করাতে পেরে ক্ষোভ বাড়ছে রোগী ও তাঁদের পরিবারের মধ্যে। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে (Jalpaiguri Authorities Medical Faculty & Hospital) সোমবার এমনই পরিস্থিতির মুখে পড়েন বেশ কয়েকজন রোগী। অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়ে লাইনে অপেক্ষা করানোর পর এক্স-রে না করেই ফিরিয়ে দেওয়া হচ্ছে তাঁদের।

ধূপগুড়ির (Dhupguri) ঠাকুরপাট এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস ৭৮ বছরের জেঠুকে নিয়ে এক্স-রে করাতে এসেছিলেন। কিন্তু তাঁকেও সাত থেকে ১০ দিন পর আসতে বলা হয়। প্রসেনজিৎ বলেন, ‘চিকিৎসক এক্স-রে করিয়ে রিপোর্ট দেখাতে বলেছেন। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলাম। তখনও কেউ বলেননি এক্স-রে হবে না। পরে ওপিডি স্লিপ দেখে দায়িত্বে থাকা ব্যক্তি ওষুধ খেতে বলে সাত থেকে ১০ দিন পর আসতে বলেন।’ রোগী নেপাল দাস বলেন, ‘৬ তারিখ অর্থোপেডিক চিকিৎসককে দেখিয়েছি। পায়ে অসহ্য ব্যথা। এদিন এক্স-রে করাতে এসে শুনছি হবে না। মুখে তারিখ বলে ওষুধ খেতে বলা হচ্ছে। কোনও কাগজে তারিখ লেখা নেই। সাতদিন পর এলেই যে এক্স-রে হবে, তার নিশ্চয়তা কোথায়?’

কেন রোগীদের এতদিন বাদে আসতে বলা হচ্ছে, সেই প্রশ্নের উত্তরে দায়িত্বপ্রাপ্ত রেডিওলজিস্ট জানান, মেশিনে কিছু সমস্যা রয়েছে। জরুরি রোগীদের দ্রুত এক্স-রে করা হচ্ছে। যাঁদের কয়েকদিন পরে পরীক্ষা করালেও চলবে, তাঁদের চিকিৎসকের দেওয়া ওষুধ খেতে বলা হয়েছে।

তবে এক্স-রে ঘরের সামনে অপেক্ষারত রোগীদের ক্ষোভ কমছে না। শ্বশুরকে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে আসা সামসুর খাতুন বলেন, ‘হাঁটতে কষ্ট হয়। আমাদের সামনে বেশ কয়েকজন রোগীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাই অনিশ্চয়তা নিয়েই দাঁড়িয়ে রয়েছি। কিছু বললে হাতের ইশারায় দাঁড়িয়ে থাকতে বলা হচ্ছে।’ কোমরের ব্যথা নিয়ে স্বামীকে এক্স-রে করাতে এনে ফিরে যাওয়ার সময় ময়নাগুড়ির শ্যামলী রায় বলেন, ‘এখানেই চিকিৎসক দেখিয়েছি। এক্স-রে করে রিপোর্ট দেখাতে বলেছেন। অথচ সাতদিন পর আসতে বলা হল।’

রোগী মহম্মদ বাজিরুদ্দিন বলেন, ‘চিকিৎসক রিপোর্ট দেখাতে বলেছেন। অথচ রেডিওলজিস্ট কোনও কাগজে তারিখ না লিখেই ফিরে যেতে বলছেন। দেরিতে এক্স-রে করালেও চললে চিকিৎসকই তা জানিয়ে দিতেন। হাসপাতাল কর্তৃপক্ষের বিষয়টি দেখা উচিত।’

এদিকে, হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, নতুন এক্স-রে মেশিন দ্রুত বসানোর কাজ চলছে। পুরোনো মেশিনে অতিরিক্ত চাপের কারণে মাঝেমধ্যে সমস্যা হচ্ছে। রোগীদের যাতে অসুবিধায় পড়তে না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। কোনও সমস্যা হলে ওয়ার্ড মাস্টারের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *