শিলিগুড়ি: ভরদুপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল ১৪ বছরের এক কিশোর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রনগর সংলগ্ন এলাকায় (Siliguri)। মৃত কিশোরের নাম উদিত ঝাঁ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেন্দ্রনগরের বাসিন্দা উদিত শনিবার দুপুরে সাইকেল চালিয়ে যাচ্ছিল। সেই সময় একটি দ্রুতগামী ডাম্পার তাকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাম্পারের চাকার তলায় পিষ্ট হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
উদিতের পারিবারিক জীবন ছিল লড়াইয়ের। খুব অল্প বয়সেই মা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। বাবা ও দাদার কাছেই বড় হচ্ছিল সে। এদিনের আকস্মিক দুর্ঘটনায় সেই সাজানো সংসার তছনছ হয়ে গেল। আদরের ছেলেকে হারিয়ে দিশেহারা তার বাবা। রাজেন্দ্রনগর এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।
এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘাতক গাড়িটি কোনও যান্ত্রিক ত্রুটির কারণে নাকি চালকের বেপরোয়া গতির জন্য এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
