শিলিগুড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে এক নাবালককে আটক করে আইনানুগ ব্যবস্থা নিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শিলিগুড়ির (Siliguri) দেশবন্ধুপাড়ার একটি স্কুল চত্বরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারিকে (Suvendu Adhikari) নিয়ে একটি ভিডিও তৈরি করে ওই নাবালক, যা পরে সে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। অশালীন ভাষায় ভরা ওই পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার জেরে গতকাল রাতে সূর্যসেন কলোনিতে ওই নাবালকের বাড়ির সামনে একদল বিজেপি কর্মী জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন নাবালকের বাড়ি লক্ষ্য করে ডিমও ছোড়া হয়।
উত্তেজনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নাবালককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) মামলা রুজু করে। আজ আইন মেনে ওই নাবালককে জলপাইগুড়ি জুভেনাইল জাস্টিস বোর্ডে (জুভেনাইল কোর্ট) পেশ করা হয়েছে। সমগ্র ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
