উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার খসড়া তালিকায় যে সমস্ত নাগরিকের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এলো নির্বাচন কমিশন (Election Fee)। মঙ্গলবার কমিশন স্পষ্ট বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে যে, পূর্ববর্তী ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও যদি এসআইআরের পর নতুন প্রকাশিত খসড়া তালিকায় নাম না পাওয়া যায়, তবে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য তাঁরা নতুন করে ৬ নম্বর ফর্ম (Type 6) পূরণ করে আবেদন করতে পারবেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) উদ্দেশ্যে পাঠানো এই নির্দেশে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া দীর্ঘদিনের আইনি সংশয় কাটিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।
আসলে সাধারণ ভোটারদের একটি বড় অংশের মধ্যে এই মর্মে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল যে, ৬ নম্বর ফর্মে আবেদন করার সময় নির্দিষ্ট একটি ঘোষণা দিতে হয়, যেখানে উল্লেখ থাকে যে আবেদনকারী প্রথমবার ভোটার তালিকায় নাম তুলছেন। এর ফলে পূর্বে নাম নিবন্ধিত থাকা নাগরিকেরা আশঙ্কা করছিলেন যে পুনরায় এই ফর্ম পূরণ করলে তা মিথ্যা তথ্য প্রদান বা ভুয়ো ঘোষণা হিসেবে গণ্য হতে পারে। যার ফলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারায় তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।
কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে এই আশঙ্কা সম্পূর্ণ অমূলক। যদি কোনো ব্যক্তি অন্য কোনো সংসদীয় বা বিধানসভা কেন্দ্রে নিবন্ধিত না থাকেন, তবে কেবল ৬ নম্বর ফর্ম জমা দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। সম্প্রতি দিল্লি হাইকোর্টের ঐতিহাসিক আদেশের নির্দেশিকা মেনেই নির্বাচন কমিশন এই গুরুত্বপূর্ণ বিভ্রান্তি দূর করার বার্তা দিয়েছে।

