Siliguri | বামাকালীর টানে দুঃসাহসিক কীর্তি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শিলিগুড়ি : দীপাবলির আগে প্রতি বছরের মতো শান্তিপুরের বামাকালী নিয়ে সোশ্যাল মিডিয়ায় আকাশছোঁয়া উন্মাদনা। কিন্তু শুধু রিলসে বামাকালীকে কাঁধে তুলে ভক্তবৃন্দের নাচ দেখে কিশোর মনের সাধ মেটেনি। সামনে থেকে দেবী দর্শনের ইচ্ছাপূরণে দুর্গাপুজোয় জমানো মাত্র ৫০০ টাকা সম্বল করে বাড়ি থেকে পালিয়ে সোজা ট্রেনে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেয় শিলিগুড়ির প্রধাননগরের দুই কিশোর। কিন্তু কলকাতা থেকে শান্তিপুরের দূরত্ব যে অনেকটাই, তা বুঝতে পারেনি তারা। শান্তিপুরের খোঁজে ব্যর্থ হয়ে শিয়ালদহ স্টেশনেই থাকত দুই বন্ধু। বিষয়টি রেল পুলিশের নজরে আসে। তারা দুই কিশোরকে নিয়ে যায় হোমে। শেষপর্যন্ত হোমে গিয়ে এক কিশোর বাবার নম্বর বলতে পারায় যোগাযোগ করে প্রধাননগর থানার পুলিশ কলকাতায় গিয়ে দুজনকে উদ্ধার করে শিলিগুড়িতে ফেরত এনে সোমবার সিডব্লিউসি-র মাধ্যমে পরিবারের হাতে তুলে দিল।

গোটা ঘটনায় শিশুদের বাবা-মায়ের স্মার্টফোন ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশকে ওই দুই কিশোর স্পষ্ট জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় রিলস ও ভিডিও দেখেই তাদের বামাকালী দেখার সাধ হয়। এই দুঃসাহসিক কীর্তি প্রসঙ্গে দুই কিশোরের বক্তব্য, দুর্গাপুজো শেষে ভালো লাগছিল না। মোবাইলে ভিডিও দেখেছিলাম। ওখানে অনেক লোক। মেলা হবে। তাই আমরা যাওয়ার পরিকল্পনা করেছিলাম। প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার বলেন, ‘এত ছোট ছোট বাচ্চাদের হাতে স্মার্টফোন আসে কীভাবে? পরিবার কি বাচ্চাদের দাবির কাছে নতিস্বীকার করে মোবাইল দিচ্ছে, নাকি অন্য কোনও কারণ আছে? বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া খুবই বিপজ্জনক। ওই দুই কিশোর আরও বড় ধরনের বিপদে পড়তে পারত।’

যাবতীয় ঘটনার সূত্রপাত ২৫ অক্টোবর। ওইদিন বিকেলে খেলতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে দুই বন্ধু কলকাতার উদ্দেশে রওনা হয়। দুজনের মধ্যে একজনের বয়স বারো, আরেকজনের এগারো। একজন ষষ্ঠ ও অন্যজন সপ্তম শ্রেণির পড়ুয়া। বাড়ি থেকে বেরিয়ে দুই বন্ধু চলে যায় শিলিগুড়ি জংশন স্টেশনে। সেখান থেকে বিনা টিকিটে তারা উঠে পড়ে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। সেই ট্রেনে পরদিন সকালে পৌঁছায় শিয়ালদহে। এদিকে রাত পর্যন্ত ছেলেরা ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার।

কলকাতায় পৌঁছে যেন অথই জলে পড়েছিল দুই কিশোর। কীভাবে শান্তিপুর যেতে হবে, তা তারা কোনওভাবে বুঝতে পারেনি। সারাদিন শান্তিপুরের খোঁজ করে রাতে শিয়ালদহ স্টেশনে থাকত। তখনই তারা নজরে পড়ে রেল পুলিশের। তাদের নিয়ে যাওয়া হয় হোমে। হোমে গিয়ে ৩০ অক্টোবর এক কিশোর বাবাকে ফোন করে সব খুলে বলে। চক্ষু চড়কগাছ হয় পরিবারের। ততদিনে পুলিশে নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে। প্রধাননগর থানার পুলিশ কলকাতায় গিয়ে দুজনকে ফেরত নিয়ে আসে। এক কিশোরের বাবা বলেন, ‘হাঁফ ছেড়ে বাঁচলাম। ছেলে এতদূর চলে যাবে ভাবতেই পারিনি। এই বয়সে ওদের মনে যে কতকিছু হয়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *