মালদা: পাচারের আগেই পুলিশের জালে জাল নোট পাচারকারী। রবিবার সকালে মহদিপুর গ্রাম পঞ্চায়েতের বেকি এলাকা থেকে জাল নোট সহ পাচারকারীকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হানিফ শেখ। সে বৈষ্ণবনগর থানার অন্তর্গত শবদলপুর এলাকার বাসিন্দা।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন সকালে ইংরেজবাজার থানার পুলিশ হানা দেয় মহদিপুর গ্রাম পঞ্চায়েতের বেকি সুস্বাস্থকেন্দ্র সংলগ্ন এলাকায়। সেখানে এক বাইক আরোহীকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ওই আরোহীর হেপাজত থেকে উদ্ধার হয় ২ হাজার ২০টি ৫০০ টাকার জালনোট। গ্রেপ্তার করা হয় যুবককে। পুলিশের অনুমান, পাচারের উদ্দেশ্যেই জাল নোট গুলো বাইকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া জাল নোট কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল পাচারকারী, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তার তদন্তে ধৃতকে সোমবার পুলিশি হেপাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
