শিলিগুড়ি: গৃহশিক্ষা মানেই শুধু পরীক্ষার সিলেবাস শেষ করা আর নম্বর বাড়ানোর দৌড়—এই ধারণাকে ভেঙে নতুন পথ দেখাচ্ছেন শিলিগুড়ির (Siliguri) সমরনগরের গৃহশিক্ষক বিট্টু রায় (Bittu Roy)। পড়ানোর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য।
দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত বিট্টু রায় বিশ্বাস করেন, প্রকৃত শিক্ষা বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকতে পারে না। তাই তাঁর কাছে গৃহশিক্ষা মানেই শুধু পড়াশোনা নয়; বরং খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিটি ছাত্র-ছাত্রীর সামগ্রিক ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। তাঁর এই উদ্যোগের মূল মন্ত্র ‘একজন ভালো মানুষ তৈরি করা’।
সম্প্রতি বিট্টু রায়ের নেতৃত্বে শিলিগুড়ির ছাত্র-ছাত্রীদের এক অভিনব পরিচ্ছন্নতা অভিযান শহরবাসীর নজর কেড়েছে। ঝাড়ু, কোদাল ও পরিচ্ছন্নতার সরঞ্জাম হাতে নিয়ে পড়ুয়াদের সঙ্গে নিয়ে তিনি এলাকার রাস্তাঘাট ও জনপরিসর পরিষ্কারের কাজে নেমে পড়েছেন। ছোট থেকেই পড়ুয়াদের মধ্যে নিজের এলাকার প্রতি দায়িত্ববোধ জাগ্রত করাই এই অভিযানের উদ্দেশ্য।
শিক্ষক বিট্টু রায় জানান, “আমরা চাই ছাত্র-ছাত্রীরা শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রাখুক। শহরের কোথাও অপরিচ্ছন্ন পরিবেশ থাকলে আমাদের জানানো যেতে পারে। আমরা স্বেচ্ছায় সেখানে গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করব এবং আরও বেশি সংখ্যক যুবক-যুবতীকে এই সামাজিক কাজে যুক্ত করার চেষ্টা করব (Social Duty)।”
মোবাইল ও সামাজিক মাধ্যমের নেশায় মত্ত এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে নতুন প্রজন্মের সামাজিক দায়বদ্ধতা নিয়ে যখন নানা প্রশ্ন ওঠে, তখন বিট্টু রায়ের এই প্রচেষ্টা এক ইতিবাচক বার্তা দিচ্ছে। একজন শিক্ষক যে পাঠ্যবইয়ের গণ্ডি ছাড়িয়ে সমাজ পরিবর্তনেরও কারিগর হতে পারেন, তা-ই আজ প্রমাণ করে দেখিয়েছেন শিলিগুড়ির এই শিক্ষক। আর সেই কারণেই আজ অনেকের কাছেই তিনি এক জ্বলন্ত অনুপ্রেরণার নাম।
