India-Israel | ভারতের সঙ্গে বন্ধুত্বের নতুন দিগন্ত! ইজরায়েলের মাটিতে বসবে ছত্রপতি শিবাজী মহারাজের বিশাল মূর্তি

India-Israel | ভারতের সঙ্গে বন্ধুত্বের নতুন দিগন্ত! ইজরায়েলের মাটিতে বসবে ছত্রপতি শিবাজী মহারাজের বিশাল মূর্তি

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও ইজরায়েলের (India-Israel) মধ্যে ক্রমবর্ধমান সাংস্কৃতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। সম্প্রতি ইজরায়েলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, খুব শীঘ্রই তাদের একটি বড় শহরে মারাঠা বীর ছত্রপতি শিবাজী মহারাজের (Chhatrapati Shivaji Maharaj) একটি বিশাল মূর্তি (Statue) স্থাপন করা হবে। ‘শিব রাজ্যাভিষেক দিবস’-এর বিশেষ অনুষ্ঠানে মুম্বইতে নিযুক্ত ইজরায়েলের কনসাল জেনারেল ইয়ানিভ রেভাচ এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

রেভাচ জানান, ছত্রপতি শিবাজী মহারাজের বিশালতা ও ভারতীয় ইতিহাসে তাঁর গুরুত্ব সম্পর্কে ইজরায়েল অবগত। এই মূর্তি স্থাপনের মূল উদ্দেশ্য হল ভারতের জনগণ এবং ইজরায়েলের জনগণের মধ্যে এক আত্মিক সেতুবন্ধন তৈরি করা। তিনি বলেন, ‘ভারতের জন্য ছত্রপতি শিবাজি মহারাজের প্রভাব কী এবং তিনি কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা পুরোপুরি বুঝি। এটি কোনও সাধারণ প্রকল্প নয়, বরং দীর্ঘমেয়াদী প্রকল্প হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় জনগণও ইজরায়েলি জনগণের সঙ্গে সংযুক্ত হবে। আমরা এটিকে ইজরায়েলের অন্যতম বড় কোনও শহরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।’

মূর্তিটির নকশা ও ঐতিহাসিক তথ্যের সঠিক বিন্যাসের জন্য মহারাষ্ট্র সরকারের সহায়তা চেয়েছে ইজরায়েল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ‘এক্স’ হ্যান্ডেলে ফড়নবিশ লিখেছেন, ‘এটি অত্যন্ত গর্বের বিষয়। মহারাষ্ট্র সরকার এই ঐতিহাসিক উদ্যোগে সবরকম সহায়তা করবে।’

উল্লেখ্য, ভারতের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে মহারাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সূত্র ধরেই এই মূর্তিটি দুই দেশের বন্ধুত্বের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠবে বলে মনে করছেন কূটনীতিকরা। এই উদ্যোগের ফলে ইজরায়েলের মানুষ শিবাজী মহারাজের বীরত্বগাথা ও তাঁর শাসনব্যবস্থা সম্পর্কে আরও বিশদ জানতে পারবেন। দুই দেশের এই সাংস্কৃতিক মেলবন্ধন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *