শিলিগুড়ি: নিজের দিদির বাড়ি (Siliguri) থেকেই লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার হলো নেশাগ্রস্ত ভাই ও তার বন্ধু। ঘটনার মাত্র দু’ঘণ্টার মধ্যে তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। উদ্ধার হয়েছে গলিয়ে ফেলা সোনা ও চুরি যাওয়া নগদ টাকাও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ সেপ্টেম্বর শিলিগুড়ির অরবিন্দপল্লীর বাসিন্দা কল্পনা সাহা নামে এক মহিলার বাড়ি থেকে প্রায় ২৫ গ্রাম সোনার অলঙ্কার এবং নগদ ১১ হাজার টাকা চুরি হয়ে যায়। অভিযোগ, এই চুরির নেপথ্যে রয়েছে কল্পনার নিজের ভাই আকাশ সাহা এবং তার বন্ধু বিজয় কুমার দাস। দিদির বাড়ি থেকে সোনা ও টাকা হাতিয়ে চম্পট দেওয়ার ঠিক পরের দিনই অর্থাৎ ১০ সেপ্টেম্বর সেই সোনা গলিয়ে ফেলে অভিযুক্তরা। এরপর গত ১২ সেপ্টেম্বর যখন সমস্ত বিষয়টি বুঝতে পারেন কল্পনা দেবী, তখন তিনি শিলিগুড়ি থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার মাত্র দু’ঘন্টার মধ্যে তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ। রবীন্দ্র নগর এলাকায় অভিযুক্ত বিজয়ের ভাড়াবাড়িতে হানা দিয়ে আকাশ সাহা ও বিজয় কুমার দাস—দুজনকেই গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে গলিয়ে ফেলা ১৫ গ্রাম সোনা এবং চুরি যাওয়া সম্পূর্ণ নগদ ১১ হাজার টাকাই উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে, মূলত নেশার সামগ্রী কেনার জন্যই এই চুরির পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। বুধবার ধৃত দুই যুবককে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।
The submit Siliguri | দিদির বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনা ও নগদ চুরি, গ্রেপ্তার নেশাগ্রস্ত ভাই ও তার বন্ধু appeared first on Uttarbanga Sambad.
