শিলিগুড়িঃ শহরের তিন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে (Siliguri)। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্র মারফত মাটিগাড়া থানার পুলিশের (Matigara Police) কাছে খবর আসে, হিমাঞ্চল বিহারের এসজেডিএ অফিসের কাছে এক তরুণ সন্দেহজনকভাবে টোটো নিয়ে ঘোরাঘুরি করছে। এরপর পুলিশ ওই তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ উদ্ধার হয়। ধৃত ওই তরুণের নাম মোহাম্মদ সেরিপ। সে আদতে চোপড়ার বাসিন্দা হলেও, বেশ কিছু মাস ধরে রাঙাপানিতে বাড়ি ভাড়া নিয়ে ভাড়ায় টোটো চালাচ্ছে। আগ্নেয়াস্ত্র হাতবদলের উদ্দেশ্যেই সে ওই এলাকায় এসেছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের।
অপরদিকে, শুক্রবার রাতে প্রধান নগর থানা এলাকায় এক ব্যক্তির কাছ থেকে দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম প্রণব মণ্ডল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং মোড় এলাকায় কার্তুজ হাতবদলের উদ্দেশ্যে ওই তরুণ ঘোরাঘুরি করার সময় পুলিশের হাতে পাকড়াও হয়। এছাড়াও, শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্র সহ দীপঙ্কর রায় নামের আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ (Bhaktinagar Police)। ধৃত ওই ব্যক্তি শুক্রবার রাতে ইন্দিরা গান্ধী মাঠে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় পুলিশি অভিযানে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
