শিলিগুড়ি: মাত্র দু’হাজার টাকা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাতারাতি ৭৪ কোটি (74 Crore) টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, শিলিগুড়ির (Siliguri) চম্পাসারির বাসিন্দা অনিমা বর্মনের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। শুক্রবার নিজের ব্যাংকের ব্যালেন্স চেক করতে গিয়ে চক্ষু চড়কগাছ তরুণীর। বিপুল পরিমাণ এই অর্থ কোথা থেকে এল, তা নিয়ে একদিকে যেমন তৈরি হয়েছে চাঞ্চল্য, অন্যদিকে এই ঘটনাকে ঘিরে দানা বেঁধেছে রহস্য।
অনিমা জানিয়েছেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্টে আগে থেকে দুহাজার টাকা ছিল। শুক্রবার অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা আসার পর তিনি এটিএম থেকে ৪০০০ টাকা তোলেন। এর ঠিক পরেই অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে গিয়েই তিনি দেখেন তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স দেখাচ্ছে ৭৪ কোটি টাকা। মুহূর্তের মধ্যে আনন্দ নয়, বরং চরম আতঙ্কে গ্রাস করে ওই তরুণীকে। সাধারণ একজন মানুষের অ্যাকাউন্টে কীভাবে কোটি কোটি টাকা জমা হতে পারে, তা নিয়ে মাথায় হাত পড়ে তাঁর।
এরই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অ্যাকাউন্টে রহস্যময়ভাবে কোটি কোটি টাকা ঢুকে পড়ার খবর কানে আসে অনিমার। এই খবরগুলো শুনে তিনি আর দেরি করেননি। শনিবার দুপুরে ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে সোজা প্রধাননগর থানায় হাজির হন তিনি। পুলিশকে গোটা বিষয়টি বিস্তারিত জানান ওই তরুণী। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ তদন্ত শুরু করেছে।

