শিলিগুড়ি: সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার দুস্থ অথচ মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে এক বড় উদ্যোগ নিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় অর্থলগ্নি সংস্থা শ্রীরাম ফাইনান্স (Shriram Finance Scholarship)। সংস্থার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) প্রজেক্টের অধীনে বুধবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ২৪০ জন পড়ুয়ার হাতে এই স্কলারশিপ বা আর্থিক বৃত্তি তুলে দেওয়া হয়।
শিলিগুড়ি ও সংলগ্ন বিভিন্ন গ্রামীণ ও শহর এলাকার সরকারি ও আধা-সরকারি বিদ্যালয়গুলি থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে বুধবার এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নির্বাচিত ২৪০ জন পড়ুয়ার প্রত্যেকের হাতে পড়াশোনার খরচে সহায়তার জন্য এই বিশেষ আর্থিক বৃত্তির চেক তুলে দেওয়া হয়। শ্রীরাম ফাইনান্স সূত্রে জানানো হয়েছে, শিলিগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিয়মিতভাবেই মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রীরাম ফাইনান্সের জোনাল ম্যানেজার সুবীর কুমার পাত্র জানান, “ব্যবসা পরিচালনার পাশাপাশি সমাজের প্রতি আমাদের একটি বড় সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই চিন্তা থেকেই আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিন্তু অত্যন্ত মেধাবী পড়ুয়াদের পাশে এসে দাঁড়িয়েছি। কোনো দারিদ্র্য যেন এদের শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেটাই আমাদের লক্ষ্য।”তিনি সব পড়ুয়ার উজ্জ্বল ও সফল ভবিষ্যৎ কামনা করে তাদের উৎসাহিত করেন।
দীনবন্ধু মঞ্চের এই মহতী অনুষ্ঠানে শ্রীরাম ফাইনান্সের উচ্চপদস্থ কর্মকর্তা ও জোনাল নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন ‘উত্তরবঙ্গ সংবাদ’-এর জেনারেল ম্যানেজার প্রলয়কান্তি চক্রবর্তী। তিনি শ্রীরাম ফাইনান্সের এই মানবকল্যাণমূলক প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে এ ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে বলে অভিমত ব্যক্ত করেন।

