Shiv Sena UBT Break up | উদ্ধবের ‘মাতোশ্রী’তে ফের ভাঙনের মেঘ! শিন্ডের ‘অপারেশন টাইগার’-এর আতঙ্কে কাঁপছে শিবসেনা

Shiv Sena UBT Break up | উদ্ধবের ‘মাতোশ্রী’তে ফের ভাঙনের মেঘ! শিন্ডের ‘অপারেশন টাইগার’-এর আতঙ্কে কাঁপছে শিবসেনা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : ২০২২ সালের সেই ভয়ঙ্কর রাজনৈতিক বিদ্রোহের স্মৃতি এখনও টাটকা। সেই ধাক্কা সামলে উঠে যখন মহারাষ্ট্রের রাজনীতিতে ফের নিজেদের পায়ের তলার জমি শক্ত করার চেষ্টা করছেন উদ্ধব ঠাকরে, ঠিক তখনই তৈরি হল নতুন ঘূর্ণাবর্ত। মারাঠা রাজনীতিতে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক নতুন শব্দবন্ধ— ‘Operation Tiger’। আর এই ‘অপারেশন’-এর জল্পনাতেই ঘুম উড়েছে শিবসেনা (ইউবিটি) শিবিরের।সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ৬-৭ দিনের মধ্যেই উদ্ধব শিবির ছেড়ে বেরিয়ে আসতে পারেন দলের ১৪ থেকে ১৬ জন বিধায়ক এবং অন্তত ৭ জন সাংসদ (Shiv Sena UBT Break up)! তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়ে দিল্লিতে সম্প্রতি যে জল্পনা তৈরি হয়েছিল, এবার সেই একই রাজনৈতিক ডামাডোলের কেন্দ্রবিন্দুতে মহারাষ্ট্রের Shiv Sena UBT।

মহারাষ্ট্রের রাজনৈতিক অলিন্দে বর্তমানে সবচেয়ে চর্চিত বিষয় হল এই ‘অপারেশন টাইগার’। রাজনৈতিক মহলের একাংশের দাবি, উদ্ধব শিবিরকে পুরোপুরি কোণঠাসা করতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) শিবসেনা এই বিশেষ কৌশল অবলম্বন করেছে। খবর ছড়াচ্ছে যে, উদ্ধব শিবিরের বেশ কয়েকজন সাংসদ ইতিমধ্যেই শিন্ডে গোষ্ঠীর নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। এমনকি, গত কয়েক সপ্তাহে খাস দিল্লিতেও এই নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় মন্ত্রী তথা শিন্ডে শিবিরের নেতা প্রতাপরাও যাদব সম্প্রতি দাবি করেন যে, উদ্ধবের সমস্ত সাংসদই একনাথ শিন্ডের সঙ্গে যোগাযোগ রাখছেন। আর এই দাবির পরেই জল্পনার আগুনে ঘি পড়ে।

পরিস্থিতি যে ক্রমশ হাতের বাইরে যেতে পারে, তা আঁচ করতে পেরেই তৎপর হন উদ্ধব ঠাকরে। জল্পনায় জল ঢালতে এবং দলে কার অবস্থান কী, তা খতিয়ে দেখতে মুম্বইয়ে নিজের বাসভবন ‘মাতোশ্রী’-তে (Matoshree) দলের ৯ জন লোকসভা সাংসদকে নিয়ে একটি জরুরি বৈঠক ডাকেন তিনি। যদিও দলের এই শক্তি প্রদর্শনের বৈঠক ঘিরেই রাজ্যজুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। বৈঠক শেষে উদ্ধব শিবিরের সাংসদ অরবিন্দ সাওয়ান্ত কড়া ভাষায় তোপ দেগে বলেন, ‘তৃণমূলের ক্ষেত্রে যেমন নাম প্রকাশ করা হয়েছিল, এক্ষেত্রেও এই ৭ জন সাংসদের নাম প্রকাশ্যে আনা হচ্ছে না কেন? আসলে কোনও ‘টাইগার’ নেই, এদের দাঁতও নেই! যারা এই ভুয়ো দাবি করছে, তাদেরই বরং জিজ্ঞাসা করা উচিত তারা কার সঙ্গে যোগাযোগ রাখছে। রবিবার আমরা আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আমাদের সব সাংসদ বৈঠকে ছিলেন, যারা সশরীরে আসতে পারেননি, তারা ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।’

শিন্ডে শিবিরের নেতা প্রতাপরাও যাদব সম্প্রতি উদ্ধবপন্থী সাংসদ সঞ্জয় দেশমুখের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এই প্রসঙ্গে তিনি এক নতুন মাত্রা যোগ করে বলেন, ‘আমরা পুরনো সহকর্মী, তাই দেখাসাক্ষাৎ তো হবেই। এর মানে এই নয় যে কেউ দল ছাড়ছে। কিন্তু ওদের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারি, অনেকেই ঠাকরে পরিবার এবং সঞ্জয় রাউতের ওপর চরম ক্ষুব্ধ। ওরা সবসময় একটা সন্দেহের আবহে বাঁচে এবং মাতোশ্রীতে ওদের সহজে প্রবেশাধিকার নেই। এই চাপা ক্ষোভের আগ্নেয়গিরি যেদিন ফাটবে, সেদিন অনেকেই দল ছাড়বে।’

যদিও আনুষ্ঠানিকভাবে অন্য দল ভাঙানোর এই তত্ত্বকে সম্পূর্ণ নস্যাৎ করেছে শিন্ডে শিবির। মঙ্গলবার শিবসেনা নেত্রী শায়না এনসি (Shaina NC) এই ‘Operation Tiger’-এর জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, “অন্য দল ভাঙার কোনও ইচ্ছাই আমাদের নেই। মানুষ একনাথ শিন্ডের জনপ্রিয়তা দেখছে, কারণ তিনি তৃণমূল স্তরে কাজ করেন, ঘরে বসে থাকেন না। মহারাষ্ট্র জুড়ে এখন কেবল একটাই অপারেশন চলছে, আর তা হল ‘অপারেশন প্রোগ্রেস’ (উন্নয়ন)।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *