উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অভিনেত্রী শেহনাজ গিল এবং রাঘব জুয়ালের সম্পর্কের রসায়ন নিয়ে নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে (Shehnaaz Gill-Raghav Juyal)। সম্প্রতি এক জন্মদিনের পার্টিতে শেহনাজকে ভিড়ের হাত থেকে আড়াল করতে দেখা যায় রাঘবকে। এমনকি অভিনেত্রীকে তাঁর কাঁধে মাথা রাখতে দেখা যাওয়ার পর থেকেই প্রেমের গুঞ্জন (Courting rumours) আরও জোরালো হয়। তবে এবার এই সমস্ত গুঞ্জনের জবাব দিলেন শেহনাজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের বিষয়ে কথা বলতে অস্বীকার করে শেহনাজ সরাসরি মনোযোগ ঘুরিয়ে দেন রাঘবের আসন্ন ছবি ‘ভাই তেরা স্টার হ্যায়’-এর দিকে। তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয়ে কোনও প্রশ্ন করবেন না। আমার খুব ভালো বন্ধু রাঘবের ছবি মুক্তি পেতে চলেছে। আপনারা দয়া করে ওঁর পাশে থাকুন এবং ছবিটিকে সমর্থন করুন। ওঁর ছবি সফল হওয়াটা খুব জরুরি।’
শেহনাজ আরও জানান, ইন্ডাস্ট্রিতে রাঘবের এই অবস্থান তাঁর কঠোর পরিশ্রমের ফসল। তিনি বলেন, ‘নায়ক হিসেবে প্রধান চরিত্রে রাঘব প্রথমবার আসছে। ও কোনও ফিল্মি পরিবারের সন্তান নয়, নিজের যোগ্যতায় আজ এই জায়গায় পৌঁছেছে। তাই প্রত্যেকেরই ওঁর সিনেমা দেখা উচিত।’
উল্লেখ্য, বিবেক বি আগরওয়াল পরিচালিত ‘ভাই তেরা স্টার হ্যায়’ ছবিতে রাঘবের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, চন্দন রায় সান্যাল, বরখা সিং, ভিভান ভতেনা সহ একঝাঁক তারকা। এই ছবিটি আগামী ৩০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শেহনাজের এই অকুণ্ঠ সমর্থন রাঘবের নতুন সফরের জন্য কতটা ইতিবাচক প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

