Shankar Ghosh | ‘আমাকে যেন দ্বিতীয়বার আসতে না হয়’, আশিঘর ফাঁড়িতে পুলিশকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শংকর ঘোষের

Shankar Ghosh | ‘আমাকে যেন দ্বিতীয়বার আসতে না হয়’, আশিঘর ফাঁড়িতে পুলিশকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী শংকর ঘোষের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় ‘মাফিয়া রাজ’ বন্ধের দাবিতে এবার সরাসরি পুলিশ ফাঁড়িতে গিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ (Shankar Ghosh)। শুক্রবার বাজেট অধিবেশন শেষে শিলিগুড়িতে ফিরে তিনি আশিঘর পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে পুলিশ আধিকারিকদের অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এদিন মন্ত্রী শংকর ঘোষ বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার আশিঘর থানার অন্তর্গত নরেশ মোড় এলাকায় বর্ষাকালীন পরিস্থিতি ও এলাকার বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন। এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে জমি মাফিয়া ও বালি মাফিয়াদের দাপট চলছে। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে অসামাজিক কাজকর্ম হলেও পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ ওঠে।

এই অভিযোগের ভিত্তিতেই মন্ত্রী সরাসরি ভক্তিনগর থানার অধীনস্থ আশিঘর পুলিশ ফাঁড়িতে পৌঁছান। পুলিশ আধিকারিকদের ডেকে তিনি সাফ জানিয়ে দেন, “যা অভিযোগ রয়েছে, তার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। আমাকে যেন দ্বিতীয়বার এখানে আসতে না হয়। আসতে হলে কী হবে, তা আমিও জানি না।”

শংকর ঘোষ আরও বলেন, “বিগত সরকারের ধাঁচে কাজ করলে হবে না। দুর্নীতি নিয়ে আমাদের সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতির নির্দেশ মেনেই এলাকায় শৃঙ্খলা ফেরাতে আমরা বদ্ধপরিকর।”

এলাকা পরিদর্শনের সময় মন্ত্রী জানান, বর্ষার কারণে রাস্তার কাজ শুরু করা সম্ভব না হলেও পুজোর আগেই ডাবগ্রামের ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ শুরু করার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে কথা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা ও প্রশাসনিক সমস্যাগুলিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেছেন। মন্ত্রীর এই কড়া হুঁশিয়ারি ঘিরে শিলিগুড়ির রাজনৈতিক মহলে এখন জোর চর্চা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *