শিলিগুড়ি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra) দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা কামনায় বুধবার শিলিগুড়িতে (Siliguri) অনুষ্ঠিত হলো বিশেষ প্রার্থনা সভা। শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে প্রধান নগরের রামকৃষ্ণ আশ্রমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক ড. শংকর ঘোষ (Shankar Ghosh) সহ দলের একাধিক নেতা-কর্মী।
বুধবারের এই ধর্মীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজেপি কর্মী-সমর্থকরা দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণের লক্ষ্যে একযোগে প্রার্থনা করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. শংকর ঘোষ বলেন, “নরেন্দ্র মোদি দেশের ইতিহাসে সর্বাধিক সময় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে এক অনন্য গৌরব অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে গত কয়েক বছরে ভারত যে উন্নয়নের পথে এগিয়েছে, তা শুধু দেশের মানুষ নয়, গোটা বিশ্ব দেখেছে।” তিনি আরও যোগ করেন, “দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনেও তাঁর নেতৃত্বে ভারত আরও এগিয়ে যাবে। সেই লক্ষ্যেই তাঁর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।”
নিজের বক্তব্যে ড. শংকর ঘোষ ‘আত্মনির্ভর ভারত’, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান মর্যাদার প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি দাবি করেন, দেশের এই উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রীকে সুস্থ ও সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। এদিনের প্রার্থনা সভাকে কেন্দ্র করে রামকৃষ্ণ আশ্রম চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের উৎসাহ ও উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
