উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের রাজনৈতিক চিত্র অনুধাবন করতে তিন দিনের উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, সোমবার আলিপুরদুয়ার থেকে শুরু হতে চলেছে তাঁর এই সফর। তবে তাঁর এই সফরের অন্যতম একটি উদ্দেশ্য নতুন এবং পুরনো কর্মীদের মধ্যে সমন্বয় স্থাপন, এমন একটা সম্ভাবনার কথাও কিন্তু কান পাতলেই শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত, নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকেই শমীক ভট্টাচার্য বারবার পুরনো ও নতুন কর্মীদের মধ্যে সমন্বয় স্থাপনের উপর জোর দিয়ে আসছেন। এই সফরের মাধ্যমে তিনি সেই বার্তাটিই আরও একবার স্পষ্ট করতে চাইছেন বলেই মনে করছেন অনেকে। জানা গেছে, জেলা পর্যায়ের বিভিন্ন সাংগঠনিক বৈঠকে পুরনো কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলা নেতৃত্বকে।
সূত্রের খবর, শমীক ভট্টাচার্য আলিপুরদুয়ার থেকে তাঁর সফর শুরু করবেন। তারপর মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলার নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করবেন তিনি। যদিও তাঁর এই সফরসূচী থেকে বাদ পড়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর।
এদিকে শমীকের এই উত্তরবঙ্গ সফর নিয়ে তাঁকে বিঁধতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এই প্রসঙ্গে কুণালের বক্তব্য, ‘বিজেপিতে আদি ও নব্যদের দ্বন্দ্ব এখন স্পষ্ট। সেই বিবাদ মেটাতেই দলের আদি নেতাদের নিয়ে ফের ময়দানে নামতে হচ্ছে শমীক ও দিলীপ ঘোষকে।’
