উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তৃতীয় একদিনের ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুভমন গিলদের দলের বিরুদ্ধে এই জয়ের মূল কারিগর ছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ (Shai Hope credit Dhoni)। তাঁর অনবদ্য ও অপরাজিত ১৬৩ রানের বিধ্বংসী ইনিংসের সামনেই কার্যত হার মানতে হয় টিম ইন্ডিয়াকে। তবে এই জয়ের সমস্ত কৃতিত্ব ভারতের প্রাক্তন সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে উৎসর্গ করেছেন শাই হোপ। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ধোনির একটি বিশেষ পরামর্শই তাঁর এবং দলের খেলার সম্পূর্ণ ধরন বদলে দিয়েছে।
ম্যাচের সেরা নির্বাচিত হওয়ার পর শাই হোপ বলেন, “মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আমার কথা হয়েছে। ওঁর কাছ থেকে শেখার শেষ নেই। আপনি যা কল্পনাও করতে পারবেন না, ঠিক সেই ধরনের অমূল্য পরামর্শ আপনাকে দেবেন ধোনি।” ঠিক কী পরামর্শ দিয়েছিলেন মাহি? তা খোলাসা করে ক্যারিবিয়ান অধিনায়ক জানান, ধোনি তাঁকে ম্যাচের ফলাফলের দিকে না তাকিয়ে কেবল নিজেদের কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি ম্যাচকে ছোট ছোট সেশনে ভেঙে নিয়ে একটি করে ধাপ ধরে এগিয়ে যাওয়ার কৌশল শিখিয়েছিলেন তিনি। আর ঠিক সেই পথ ধরেই উইকেটে টিকে থেকে শতরানের পর শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন হোপ।
এদিনের ইনিংসে হোপের ব্যাটিংয়েও ধোনির সেই ঠান্ডা মাথার ছায়া স্পষ্ট দেখা গিয়েছে। শুরুটা কিছুটা সময় নিয়ে করলেও পরিস্থিতি বুঝে পরে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। প্রথম ৫০ রান করতে ৪৬ বল নিলেও, শতরান পূর্ণ করেন ১০৪ বলে। এরপর দলের দ্রুত উইকেট পতনের কারণে কিছুটা মন্থর গতিতে খেললেও শেষ ৬২ রান করতে তিনি মাত্র ৩৯টি বল খরচ করেন। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বদলে দলের জয় নিশ্চিত করেন তিনি। আর এই সমস্ত অর্ন্তদৃষ্টি যে ধোনির পরামর্শেরই ফল, তা অকপটে স্বীকার করে নিলেন ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচজয়ী অধিনায়ক।
The publish Shai Hope credits Dhoni | ‘যা ভাবতেও পারবেন না, সেটাই শিখিয়েছেন ধোনি’; মাহির কোন পরামর্শে বদলে গেল শাই হোপের খেলা? appeared first on Uttarbanga Sambad.
