উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অক্টোবরের প্রথম সপ্তাহের প্রথমার্ধে বঙ্গে বর্ষার বিদায় ঘণ্টা বেজে গেলেও উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় তার রেশ এখনও পুরোপুরি কাটেনি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির (Climate Replace) সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির প্রভাব কিছুটা বেশি দেখা যাচ্ছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গের আকাশে ঘনীভূত থাকায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী বুধবার, ৭ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার ও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে এরপর ধীরে ধীরে উত্তরবঙ্গেও (North Bengal Climate Replace) বৃষ্টির পরিমাণ কমবে এবং আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) আবহাওয়াতেও চলছে নানা পরিবর্তনের খেলা। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশার হালকা চাদর জড়ালেও বেলা বাড়তেই চড়া রোদের পাশাপাশি জলীয় বাষ্পের জেরে অস্বস্তি বজায় থাকছে। বর্তমানে উত্তর-পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত প্রায় ৯০০ মিটার উচ্চতায় একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরে আজ দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ায় বজ্রগর্ভ মেঘ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল এবং পরশু অর্থাৎ মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিম ও উত্তরের জেলাগুলিতে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। তবে ৭ অক্টোবরের পর থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ ক্রমশ হ্রাস পাবে বলে জানানো হয়েছে।
ইতিমধ্যেই দেশের উত্তর ভারত সহ গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। রাঁচি, রায়পুর এবং বারামতীর উপর দিয়ে বর্তমানে বর্ষার বিদায় রেখা অবস্থান করছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহের শেষদিকে বঙ্গে পাকাপাকিভাবে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

