উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পেলেন না সন্দেশখালি কাণ্ডের প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান। সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন তিনি। জামিনের আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও, বিচারপতিদের ভর্ৎসনার মুখে পড়ে আবেদন খারিজ হয়ে গেল। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে দাপুটে এই নেতাকে।
গত শুক্রবার, জামিনের আবেদন নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন শেখ শাহজাহান। তাঁর আইনজীবী রজত সিংহরায়ের মূল অভিযোগ ছিল, একই ঘটনায় মাত্র আধঘণ্টার ব্যবধানে সিবিআই তাঁর মক্কেলের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছে, যা নিয়ম-বিরুদ্ধ। আইনজীবী জানান, প্রথম এফআইআর-এর মামলায় কলকাতা হাইকোর্ট থেকে শাহজাহান ইতিমধ্যেই জামিন পেয়েছেন। কিন্তু দ্বিতীয় এফআইআর নিয়ে দীর্ঘ ৮-৯ মাস ধরে কোনও নির্দেশ আসছে না, হচ্ছে না শুনানিও। এই আইনি স্থবিরতার কারণেই মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি করেন শাহজাহানের আইনজীবী।
কিন্তু সোমবার, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চে মামলার শুনানি চলাকালীন শাহজাহানের আইনজীবীকে উলটে ভর্ৎসনার মুখে পড়তে হয়। বিচারপতিদের স্পষ্ট বক্তব্য ছিল, যখন এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে চলছে, তখন কীভাবে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হওয়ার প্রশ্ন উঠছে? সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, এই বিষয়ে হাইকোর্টেই আবেদন জানাতে হবে।
সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, যেহেতু হাইকোর্টে এই বিচারপ্রক্রিয়া চালু আছে, তাই এই মুহূর্তে শীর্ষ আদালত কোনও হস্তক্ষেপ করবে না। বিচারপতিদের নির্দেশ অনুযায়ী, এই সংক্রান্ত মামলায় হাইকোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত। এই প্রসঙ্গে আইনজীবী রজত সিংহরায় জানান, আপাতত হাইকোর্টের সিদ্ধান্তের দিকে নজর রাখবেন। প্রয়োজনে পরে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তাঁরা।
