নাগরাকাটা: মাকনার হাত থেকে রক্ষা পেতে চলন্ত বাইক থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। সোমবার সন্ধ্যায় নাদরাকাটার(Nagrakata) টন্ডু চা বাগানের রাস্তায় ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তির নাম সোরেল টিগ্গা। বামনডাঙ্গা মডেল ভিলেজের বাসিন্দা সে। পেশায় টন্ডু টিজি থ্রি প্রাথমিক স্কুলের পার্শ্ব শিক্ষক। জানা গেছে, এদিন সন্ধ্যায় সোরেল ও তাঁর দুই বন্ধু তৌফিল খারিয়া ও অমর মুন্ডা তিনজন ৩টি বাইকে চেপে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাদের আগে একটি পিকআপ ভ্যান ছিল। পিকআপ সহ দুই বন্ধু নিরাপদে পার হয়ে গেলেও সোরেল পড়ে যান বিপদের মুখে। হঠাৎ করেই রাস্তার পাশে লাগোয়া ঝোপ থেকে হাতি তার সামনে চলে আসে। হাতিটি তেড়ে আসলে কোনওরকম উপায় না দেখে বাইক থেকে ঝাঁপ দিয়ে পালান সোরেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। প্রয়োজনীয় চিকিৎসার পর চিকিৎসকরা ওই ব্যক্তিকে পর্যবেক্ষণে রেখেছেন।
