উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গোটা বলিউড (Bollywood) জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কিংবদন্তি এই অভিনেতার প্রয়াণে গভীর শোক প্রকাশ করে একটি দীর্ঘ ও আবেগপ্রবণ বার্তা দিয়েছেন সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)। নানার সঙ্গে কাটানো পুরনো স্মৃতির কথা স্মরণ করে শাহরুখ লিখেছেন, নানা পাটেকর এমন একজন মানুষ ছিলেন যিনি তোষামোদ করতে জানতেন না, বরং মুখের ওপর সত্যিটা বলে দিতেন।
নানা পাটেকরের (Nana Patekar) সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণ করে শাহরুখ পোস্টে লিখেছেন, “যখন আমি প্রথম তাঁর সঙ্গে দেখা করি, তখন অতিরিক্ত উত্তেজনা ও অস্বস্তিতে আমি আমার চুলে হাত বোলাচ্ছিলাম। তিনি আমার হাত সজোরে চাপড় মেরে সরিয়ে দিয়ে বলেছিলেন— “হিরোর মতো চুল বানিও না… তুমি একজন অভিনেতা!”
শাহরুখ আরও উল্লেখ করেন, নানা কখনও কাউকে তোষামোদ করতেন না বা যা শুনতে ভালো লাগে তা বলতেন না; বরং যা শোনা প্রয়োজন, ঠিক সেটাই বলতেন। সোজা সাপটা, রূঢ় অথচ সৎ এবং তাঁর মুখে ছিল এক সুন্দর হাসি।
নানার স্বভাবের ভিন্ন দিক তুলে ধরে শাহরুখ লিখেছেন, “ভালোবাসা প্রকাশ করার তাঁর এক অদ্ভুত কায়দা ছিল। তিনি প্রথমে আপনার ওপর চিৎকার করবেন, এরপর হয়তো তিন-চারটি বকাঝকার মাঝে আপনি হঠাৎ বুঝতে পারবেন যে তিনি আপনাকে জড়িয়ে ধরেছেন। তিনি আমাকে ভালোবাসতেন এবং আমিও তাঁকে ভালোবাসতাম।”
নানাকে নিজের মেন্টর, শিক্ষক, সমালোচক এবং বন্ধু হিসেবে অভিহিত করে কিং খান বলেন, “তিনি এমন একজন বন্ধু ছিলেন যিনি ক্যারম খেলায় আমাকে ও আশেপাশের সবাইকে একটার পর একটা খেলায় হারিয়ে নিজের জয় উপভোগ করতেন।”
নানার বিখ্যাত সেই সতর্কবাণী মনে করিয়ে দিয়ে শাহরুখ তাঁর পোস্টে আরও লেখেন, “নানা, তোমার তীব্রতা, হাসি, পাগলামি এবং ভালোবাসা সবসময় আমাদের সাথে থাকবে। আমার শুধু আফসোস হয়, আমাদের আরও কিছু কথা, আরও একটা তর্ক এবং ক্যারমের ম্যাচ খেলার সময় হলো না। তুমি শুধু সিনেমার জগতেই নয়, বরং সমস্ত ভারতীয় এবং বিশ্ববাসীর হৃদয়ে একটি শূন্যস্থান তৈরি করে গেলে। আমি শুধু এটুকুই বলতে পারি, তোমায় খুব মনে পড়বে এবং তোমার সেই কথা জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখব—‘হিরো বনে কে চক্কর মে অ্যাক্টর মত খোণা’ (হিরো হওয়ার চক্করে অভিনেতাকে হারিয়ে ফেলো না)।”
পরিশেষে নানা পাটেকরের আত্মার শান্তি কামনা করে কিং খান লিখেছেন, “তোমার আত্মা শান্তিতে থাকুক নানা, আল্লাহ তোমায় আশীর্বাদ করুন। একজন দুর্দান্ত অভিনেতা এবং অজেয় ক্যারম চ্যাম্পিয়নকে পেয়ে স্বর্গও ধন্য হবে। তোমায় খুব ভালোবাসি এবং মিস করব, আমার হিরো-অ্যাক্টর!”

