উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২ নভেম্বর শাহরুখ খানের ৬০তম জন্মদিন (Shah Rukh Khan’s sixtieth Birthday)। প্রতি বছর এই দিনে তাঁর বাংলো ‘মন্নত’এর সামনে থিকথিক করে ভিড়। কিন্তু, এবছর নাকি সেখানে থাকছেন না কিং খান (Shah Rukh Khan)। সপরিবারে আলিবাগে জন্মদিন পালন করবেন। এই খবর ছড়িয়ে পড়তেই শাহরুখ দিলেন সুখবর। জানালেন, এই বছরও জন্মদিনে মন্নতে দেখা যাবে তাঁকে।
প্রতি বছর জন্মদিনে বলিউড ‘বাদশা’কে একঝলক দেখতে বহু অনুরাগী ‘মন্নত’ (Mannat)-এর বাইরে ভিড় জমান। কয়েক মিনিটের দর্শনে তিনি কখনও হাত নাড়েন, কখনও ছুড়ে দেন চুমু, কখনও আবার দুই হাত ছড়িয়ে তাঁর পরিচিত পোজ দেন। তাতেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীরা। কিন্তু এ বছর মন্নতে পুনর্নির্মাণ ও সংরক্ষণের কাজ চলছে। যে কারণে অভিনেতা গোটা পরিবার সহ এখন ভাড়ার ফ্ল্যাটে থাকছেন। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে, এ বছর কি দর্শন দেবেন না তারকা? ‘এক্স’-এ এক অনুরাগী সরাসরি প্রশ্ন করেন, ‘এ বছর মন্নতে অনুরাগীদের দেখা দিতে আসবেন শাহরুখ?’ উত্তরে শাহরুখ বলেন, ‘হ্যাঁ, আসব তো। শুধু এবার আমাকে শক্ত টুপি পরতে হবে।’ আসলে বাড়িতে যে কাজ চলছে, ইঙ্গিতে সেই প্রসঙ্গ টেনে এমন মজার উত্তর দেন অভিনেতা।
