গাজোল: ঘূর্ণিঝড় মন্থার প্রভাব পড়েছে বাংলাতেও। ফলে রাজ্যের বিভিন্ন জেলাতে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। তাই সকাল থেকে রাস্তায় দেখা নেই প্রাতর্ভ্রমণকারীদের। সেই সময় হঠাৎ করেই দ্রুতগতিতে আসা একটি ডাম্পার গুঁড়িয়ে দিল পাঁচটি দোকান। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গাজোলের (Gazol) ৩১ নম্বর জাতীয় সড়কের পাঁচপাড়া বাসস্ট্যান্ড এলাকায়। তবে হতাহতের কোনও খবর না থাকলেও কার্তিক কর্মকার নামে এক ব্যক্তির সামান্য আঘাত লাগে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ছ’টা নাগাদ গাজোলের দিক থেকে সামসীর উদ্দেশে যাচ্ছিল একটি ডাম্পার। ডাম্পার হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক ছেড়ে ফুটপাতে উঠে যায় ডাম্পারটি। পরপর গুঁড়িয়ে দেয় পাঁচটি দোকান। ঘটনার জেরে চরম ক্ষতির মুখে পড়েছেন দোকান মালিক আরতি দাস, সুজন বৈরাগী, প্রহ্লাদ বিশ্বাস, তাপস বিশ্বাস এবং সুচিত্রা আচার্য। এলাকাবাসীদের অনুমান চালক সম্ভবত ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় লোকজন ছিল না বলে প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ (Police)। দুর্ঘটনাগ্রস্থ ডাম্পার এবং চালককে আটক করে নিয়ে থানায় নিয়ে যায়। অন্যদিকে ক্ষতিগ্রস্থ দোকানদারের ক্ষতিপূরণের দাবি করেছেন।
