সামসী: সারথি প্রকল্পের সাইকেল (Sarathi Scheme Cycle Distribution) না পাওয়ায় শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলো নবম শ্রেণির পড়ুয়ারা। মঙ্গলবার সন্ধ্যায় চাঁচলের নেতাজি মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় খরবা হরিনারায়ণ এগ্রিল হাইস্কুল ও শীতলপুর মোবারকপুর হাইস্কুলের শতাধিক ছাত্র। এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
ছাত্রদের অভিযোগ, স্কুলের তরফে তাঁদের জানানো হয়েছিল যে মঙ্গলবার ব্লক অফিস থেকে ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ করা হবে। সেই নির্দেশমতো গাড়ি ভাড়া করে টাকা খরচ করে তারা ব্লক অফিসে পৌঁছয়। কিন্তু সারাদিন ধরে অপেক্ষা করেও তাদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়নি। পড়ুয়াদের দাবি, এদিন শুধুমাত্র ছাত্রীদেরই সাইকেল দেওয়া হয়েছে, যা নিয়ে ক্ষোভ দানা বাঁধে। এর প্রতিবাদেই ছাত্ররা পথচলতি যান আটকে জাতীয় সড়কে বিক্ষোভ শুরু করে।
অবরোধের জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পড়ুয়াদের বুঝিয়ে শান্ত করা হয় এবং আগামী বৃহস্পতিবার বাকি সমস্ত পড়ুয়াদের সাইকেল দেওয়ার আশ্বাস দেওয়া হয়। প্রশাসনের এই আশ্বাসের পর প্রায় ১৫-২০ মিনিট বাদে ছাত্ররা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এদিন একসঙ্গে অতিরিক্ত সংখ্যক পড়ুয়া উপস্থিত থাকার কারণে সকলকেই একসঙ্গে সাইকেল দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আগামী বৃহস্পতিবার বাকিদের সাইকেল বিতরণের প্রক্রিয়া সম্পন্ন হবে।

