উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভাঙড় বোমা বিস্ফোরণ কাণ্ডে (Bhangar blast case) শুক্রবার রাতে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার (Saokat Molla) করেছে এনআইএ। শনিবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টের এনআইএ আদালতে পেশ করা হয়। বিচারক ধৃত প্রাক্তন বিধায়ককে আগামী ১৯ জুন পর্যন্ত ১৪ দিনের এনআইএ হেপাজতে (NIA custody) পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার তদন্তে বৃহস্পতিবারই এনআইএ সক্রিয় হয়ে ওঠে। শওকত মোল্লার বাড়ি ও দলীয় কার্যালয়ে তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনা থেকে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শনিবার আদালতে এনআইএ-র আইনজীবীরা দাবি করেন, শওকত এই ঘটনার মূল মাথা। তিনি বাকি অভিযুক্তদের পরিচালনা করতেন এবং বিস্ফোরণের পর ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করার সরাসরি নির্দেশ দিয়েছিলেন। প্রভাবশালী প্রাক্তন বিধায়ক জামিন পেলে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন, এই যুক্তিতে তাঁর জামিনের তীব্র বিরোধিতা করা হয়। অন্যদিকে, শওকতের আইনজীবীর দাবি, তিনি জেড ক্যাটিগোরির নিরাপত্তা পান, তাই তাঁর পক্ষে এই বিস্ফোরণ ঘটানো সম্ভব নয়।
উল্লেখ্য, এই মামলায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। তদন্তের স্বার্থে শুক্রবার শওকতের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও পেনড্রাইভ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানোর আবেদনও মঞ্জুর করেছেন বিচারক। বিস্ফোরণের পর নিজের স্করপিও গাড়িতে করে মৃত ও আহতদের সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় সংস্থা। শওকত মোল্লার ১৪ দিনের হেপাজত কার্যত এই মামলায় তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
