উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আগামী ২৮ মে বকরি ইদ। আর তার ঠিক আগেই রাস্তায় নমাজ পড়া নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তবে শুধু আইনি সতর্কবার্তাই নয়, নমাজ পড়ার জায়গার অভাবের প্রসঙ্গ টেনে সরাসরি মুসলিমদের জনসংখ্যা নিয়ন্ত্রণের কড়া দাওয়াই দিলেন তিনি।
লখনউয়ে একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়ে এই ইস্যুতে কার্যত রণংদেহি মেজাজে ধরা দেন যোগী। তাঁর সাফ কথা, “রাস্তা যাতায়াতের জন্য, সেখানে ‘তামাশা’ করার কোনও অধিকার কারও নেই। নিজেদের নির্দিষ্ট উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করুন।” এর পরেই সুর চড়িয়ে তাঁর সেই বিতর্কিত মন্তব্য, “সবাইকে জায়গা দেওয়ার মতো স্থান যদি আপনাদের না থাকে, তবে নিজেদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত!”
এখানেই না থেমে মুখ্যমন্ত্রী আরও জানান, নমাজ পড়া একান্তই জরুরি হলে তা ‘শিফটে’ ভাগ করে পড়া উচিত, কিন্তু কোনওভাবেই রাস্তা আটকে নয়। তাঁর কড়া বার্তা, “এই ব্যবস্থায় থাকতে হলে এখানকার আইন মেনেই চলতে হবে। আমরা রাস্তায় কোনও অরাজকতা বরদাস্ত করব না। আলোচনার মাধ্যমে কাজ হলে ভালো, না হলে কড়া পরিণতির জন্য তৈরি থাকতে হবে।” ইদের ঠিক আগে মুখ্যমন্ত্রীর এই ‘জনসংখ্যা’ খোঁচা এবং প্রচ্ছন্ন হুঁশিয়ারি উত্তরপ্রদেশের রাজনীতিতে যে নতুন করে মেরুকরণের পারদ চড়াল, তা বলাই বাহুল্য।
