উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেগা নির্বাচনের ঠিক মুখেই বড়সড় ভাঙন কংগ্রেস শিবিরে। দীর্ঘ ২২ বছরের কংগ্রেসী রাজনীতির ইতি টেনে বিজেপিতে যোগ দিলেন কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডের দাপুটে কাউন্সিলর (45 No Ward Councilor) সন্তোষ পাঠক (Santosh Pathak BJP)। সোমবার সন্ধ্যায় নিউটাউনে বিজেপির (Bjp) রাজ্য কার্যালয়ে শমীক ভট্টাচার্যের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, উত্তর বা মধ্য কলকাতার কোনো গুরুত্বপূর্ণ আসনে বিজেপির তুরুপের তাস হতে পারেন এই পোড়খাওয়া নেতা।
কেন কংগ্রেস ছাড়লেন সন্তোষ?
যোগদানের পর সন্তোষ পাঠক সরাসরি নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress)। তিনি স্পষ্ট জানান, “আমি আটবার লড়াই করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরানোর ক্ষমতা কংগ্রেসের নেই। বাংলা বাঁচাতে বিজেপিই একমাত্র বিকল্প।” তাঁর এই মন্তব্য প্রদেশ কংগ্রেসের অন্দরে অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
শমীকের সার্টিফিকেট ও প্রার্থী জল্পনা
সন্তোষের হাতে পতাকা তুলে দিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেন, “উনি সুযোগসন্ধানী রাজনীতিক নন। চরম প্রতিকূলতার মধ্যেও বহু বছর কংগ্রেসে থেকে লড়াই করেছেন। কিন্তু আজ বাংলার পরিস্থিতি তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।” বিজেপি ইতিমধ্যেই ২৫৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এখনও বাকি রয়েছে ৩৯ টি আসন। সেখানে সন্তোষ পাঠককে প্রার্থী করা হতে পারে বলে দলীয় সূত্রে খবর।
