উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর চিনা সেনার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানাল ভারতীয় সেনা। এটা দ্বিপাক্ষিক কূটনৈতিক ও সামরিক আলোচনার ফসল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় সেনার ২০২৫-২৬ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর উত্তর সীমান্তে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র মোতায়েন করা সেনার সংখ্যা কমে বর্তমানে প্রায় ১০টি কম্বাইন্ড আর্মস ব্রিগেডে নেমে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর অক্টোবর মাসে পূর্ব লাদাখে ২৩তম কোর কমান্ডার স্তরের বৈঠক সহ একাধিক উচ্চপর্যায়ের সামরিক আলোচনা হয়েছিল। তার সুবাদেই উত্তর সীমান্তে সীমান্তে স্থিতিশীলতা বেড়েছে। অবশ্য সমস্ত সেক্টরে ভারতও অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনা পুরোপুরি প্রস্তুত।
তবে পশ্চিম সীমান্তে নিরাপত্তা ঝুঁকি যে এখনও পুরোপুরি কাটেনি, সেটাও স্পষ্ট করা হয়েছে। জম্মু-কাশ্মীরের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সেনার প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। গত এক বছরে উপত্যকায় হিংসার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং পাথর ছোড়ার ঘটনা এক বছরে ‘শূন্য’-তে নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারাও প্রশাসন ও সেনাবাহিনীর উন্নয়নমূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। গত বছর নিয়ন্ত্রণরেখা টপকে অনুপ্রবেশের চেষ্টা করা ১২ পাক জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫-এ ভারতের পশ্চিম সীমান্তে ৮৬৩টি ড্রোন- অনুপ্রবেশের ঘটনা রেকর্ড করা হয়েছে। জ্যামার এবং স্পুফারের সাহায্যে এর মধ্যে ২৩৭টি ড্রোন নামাতে সফল হয় নিরাপত্তা বাহিনী। উদ্ধার করা হয়েছে অস্ত্রশস্ত্র ও বিপুল পরিমাণ মাদক।

