উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পুজোর আগেই সরাসরি বিজেপিতে (BJP) যোগ দেবেন ১৭ জন এনসিপিআই সাংসদ (NCPI MPs)। এমনটাই দাবি করেছেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া (Jagadish Chandra Barma Basunia)। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল তৈরি হয়েছে। তবে কোচবিহারের সাংসদের এই চাঞ্চল্যকর দাবি সরাসরি খারিজ করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
কোচবিহারের সাংসদ দাবি করেছিলেন, দলত্যাগ বিরোধী আইন এড়াতেই তৃণমূল (TMC) ছেড়ে প্রথমে এনসিপিআই-তে যোগ দিয়েছিলেন লোকসভার ২০ জন সাংসদ। মুর্শিদাবাদ জেলার তিনজন সংখ্যালঘু সাংসদ বাদে বাকি ১৭ জন সাংসদ দুর্গাপুজোর আগেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লেখাবেন। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে শমীক ভট্টাচার্য সাফ বলেছেন, ‘চাইলেই যে কেউ যখন তখন বিজেপিতে যোগদান করতে চাইবেন এবং দল তাঁদের সঙ্গে সঙ্গে গ্রহণ করবে, এমনটা ভাবার কোনও কারণ নেই।’ এরপরই ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে বিজেপি কর্মীদের উপর চলা অত্যাচারের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সেই তিক্ত অভিজ্ঞতা ভোলার নয়।’ কটাক্ষের সুরে জগদীশের মন্তব্যের পালটা শমীক আরও বলেন, ‘তাঁরা যে বিজেপিতে যোগ দেওয়ার কথা ভাবছেন, সেটা হয়তো মঙ্গল গ্রহের বিজেপি।’
অন্যদিকে, এই গোটা রাজনৈতিক তর্জায় জল ঢেলে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার স্পষ্ট করে দিয়েছেন, কোচবিহারের সাংসদের ব্যক্তিগত মন্তব্যের ভিত্তিতে দলীয় নীতি বা সিদ্ধান্ত নির্ধারিত হয় না। কোনও সাংসদের দলবদলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণরূপে কেন্দ্রীয় নেতৃত্বের এক্তিয়ারভুক্ত। জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার করা এই বিস্ফোরক মন্তব্যের পর এনসিপিআই-তে যুক্ত থাকা অন্য সাংসদরা অবশ্য এই বিষয়ে সম্পূর্ণ মুখ বন্ধই রেখেছেন।
The publish Samik Bhattacharya | ‘মঙ্গল গ্রহের বিজেপিতে যোগ দেবেন হয়তো’, ১৭ এনসিপিআই সাংসদদের নিয়ে জগদীশের দাবি সরাসরি খারিজ শমীকের! appeared first on Uttarbanga Sambad.
