Salman Khan | ছবি ঘিরে জল্পনা: সলমন কি অসুস্থ? সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হতেই নীরবতা ভাঙলেন ‘ভাইজান’

Salman Khan | ছবি ঘিরে জল্পনা: সলমন কি অসুস্থ? সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হতেই নীরবতা ভাঙলেন ‘ভাইজান’

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সলমন খান মানেই চিরসবুজ, সুঠাম দেহের অধিকারী সুপারস্টার। কিন্তু শুক্রবার রাতে মুম্বইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির’ এক অনুষ্ঠানে সলমনকে (Salman Khan) দেখেই যেন থমকে দাঁড়িয়েছিলেন অনুরাগীরা। সলমনের চোখেমুখে এক অদ্ভুত ক্লান্তি, ঝরেছে অনেকটা ওজন, মাথায় টুপি আর ম্লান মুখ—সদ্য প্রকাশিত সেই ছবি ও ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় এখন চরম চাঞ্চল্য। নেটিজেনদের একাংশ তো ধরেই নিয়েছিলেন, প্রিয় তারকা হয়তো কোনো জটিল রোগে আক্রান্ত।

মুম্বইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির নতুন ‘ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার’ বা আইটি সার্ভার রুমের উদ্বোধন করতে গিয়েছিলেন ভাইজান। কিন্তু অনুষ্ঠানের পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয় তাঁর কিছু ছবি। সেই লুকে সলমনকে দেখে শিউরে ওঠেন অনেকে। নব্বই দশকের সেই হ্যান্ডসাম হিরোর এমন ভগ্নদশা দেখে ভক্তদের মনে উদ্বেগের কালো মেঘ জমা হয়। সোশ্যাল মিডিয়ায় আক্ষেপের সুর শোনা যায় অনুরাগীদের কণ্ঠে। কেউ লিখেছেন, “নব্বইয়ের সেই নায়ক কোথায় হারিয়ে গেলেন? ঈশ্বর ওঁকে সুস্থ করে দিন।” মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়া সেই ভিডিও ঘিরে ছড়িয়ে পড়ে নানা জল্পনা।

গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক তখনই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সব জল্পনায় জল ঢাললেন ভাইজান। গভীর রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে কিছু স্টাইলিশ ছবি পোস্ট করেন সলমন। সাদা-কালো ছবিতে সলমনকে দেখা যাচ্ছে একেবারে অন্য মেজাজে। ছোট করে ছাঁটা চুল, খোঁচা খোঁচা দাড়ি, আর পরনে জ্যাকেট—সব মিলিয়ে ফের একবার নজর কেড়েছেন তিনি। সলমন তাঁর ক্যাপশনে লেখেন, “আপনাদের শরীর কেমন আছে?” অর্থাৎ, উলটে অনুরাগীদের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলে সলমন বুঝিয়ে দিলেন, তিনি দিব্যি আছেন। তাঁর এই পাল্টা প্রশ্নেই যেন সমস্ত উদ্বেগের অবসান ঘটল।

সলমনের এই পোস্টের পরই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। অনেকেই মনে করছেন, তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি’-র চরিত্রের প্রয়োজনে তিনি ওজন কমিয়েছেন এবং এই নতুন লুক তারই অঙ্গ। সলমন অনুরাগীদের এই প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট যে, তাঁরা শুধু প্রিয় তারকার সুস্বাস্থ্যই চান না, বরং রুপোলি পর্দায় তাঁকে ফের নতুন অবতারে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। সলমন তাঁর কায়দাতেই বুঝিয়েছেন, গুজব যাই থাকুক, তিনি এখনও বলিউডের (Bollywood) ‘সুলতান’। সব মিলিয়ে, ভক্তদের দুশ্চিন্তা কাটিয়ে ফের চেনা ছন্দে সলমন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *