উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’-র সংসদ অভিযান (CJP Protest) ঘিরে ব্যাপক উত্তেজনা দিল্লিতে (Delhi)। সংসদ ভবনের দিকে (Parliament march) যাওয়ার সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। তবে বাধা সত্ত্বেও ইতিমধ্যেই সংসদ ভবনের কাছে পৌঁছে গিয়েছেন তাঁরা। কিন্তু পরিস্থিতি বুঝে বন্ধ করে দেওয়া হয়েছে সংসদের মূল গেট।
সোমবার সকাল থেকেই যন্তরমন্তর থেকে সংসদের দিকে অভিযান শুরু করে সিজেপি সমর্থকরা। সংসদ সংলগ্ন উচ্চ-নিরাপত্তা বলয়ে ঢোকার মুখে পুলিশি ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ (Lathi cost) করে এবং কাঁদানে গ্যাসের (Tear Gasoline) শেল ফাটায়। মোতায়েন করা হয় জলকামান।
এই বিশাল বিক্ষোভ সামাল দিতে দিল্লি পুলিশ ও আধা সামরিক বাহিনীর ৫,০০০-এরও বেশি জওয়ান মোতায়েন করা হয়েছিল। সংসদ চত্বর এবং সেন্ট্রাল ভিস্তা করিডোরকে কার্যত ‘নো-মুভমেন্ট জোন’-এ পরিণত করে পুলিশ। কনৌট প্লেস, রেল ভবন, শাস্ত্রী ভবন, সংবিধান ক্লাব এবং রিজার্ভ ব্যাংকের মতো সংবেদনশীল এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তারক্ষীরা কঠোর ব্যবস্থা নেয়।
এদিকে সিজেপি নেতৃত্বের দাবি, বিক্ষোভ চলাকালীন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে পুলিশ আটক করেছে। এদিকে, জনজীবন স্বাভাবিক রাখতে মেট্রো স্টেশনের গেট কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয় এবং যান চলাচল স্তব্ধ করে দেওয়া হয়। অনেক বিক্ষোভকারী দাবি করেছেন, ঘটনাস্থলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা ব্যাহত হয়েছে, যদিও পুলিশ বা প্রশাসনের তরফে এ নিয়ে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিজেপি নেতাদের দাবি, সরকার তাঁদের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছে, যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি।

