উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ কেরিয়ারের ঝুলিতে একাধিক বাণিজ্যিক সাফল্য থাকলেও অতীতে নেওয়া কিছু পদক্ষেপ নিয়ে যে আজও আক্ষেপ রয়েছে, তা অকপটে স্বীকার করে নিলেন অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। তাঁর মতে, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ককটেল’ (Cocktail)-এ অভিনয় করাটাই ছিল তাঁর জীবনের এক মস্ত বড় ভুল।
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও ডায়ানা পেন্টি অভিনীত এই রোমান্টিক কমেডি ছবিটিতে ‘গৌতম’-এর চরিত্রে অভিনয় করেছিলেন সইফ। কিন্তু দর্শকের মনে ছবিটি তুমুল সাড়া ফেললেও, খোদ অভিনেতার মনেই তা নিয়ে গভীর অসন্তোষ রয়েছে। এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন, ছবির চিত্রনাট্য বা তাঁর চরিত্র নিয়ে তিনি কখনই খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না। মূলত ছবির প্রযোজক হিসেবে প্রজেক্টটিকে দাঁড় করানোর তাগিদেই বাধ্য হয়ে ওই চরিত্রে অভিনয় করতে হয়েছিল তাঁকে। সইফের পরিষ্কার দাবি, ছবিটির গল্প একেবারেই প্রগতিশীল ছিল না এবং তাঁর অভিনীত চরিত্রের চেয়ে দীপিকার ‘ভেরোনিকা’ চরিত্রটিই ছিল অনেক বেশি আকর্ষণীয়। প্রযোজনা সংস্থার স্বার্থেই তাঁকে এই আপস করতে হয়েছিল বলে জানান অভিনেতা।
শুধু ‘ককটেল’ই নয়, ২০১৪ সালের সাজিদ খান পরিচালিত ‘হামশকলস’ ছবিটি নিয়েও নিজের চরম হতাশার কথা প্রকাশ করেছেন সইফ। তাঁর মতে, ওই ধরনের স্ল্যাপস্টিক কমেডির জন্য যে ধরনের সহজাত ও স্বতঃস্ফূর্ত হাস্যরসের প্রয়োজন হয়, তাঁর মধ্যে তা ছিল না। ফলে সেই ছবিতে অভিনয় করাটাও যে সঠিক সিদ্ধান্ত ছিল না, তা আজ মেনে নিচ্ছেন সইফ।

