উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশেষ মানুষের বিশেষ দিনে শুভেচ্ছাও যে বিশেষ হওয়া চাই, তা আবারও প্রমাণ করলেন টলিউড সুপারস্টার দেব। ২৭ জুন রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় এক আদুরে বার্তা দিয়ে অনুরাগীদের মন জয় করে নিলেন সাংসদ-অভিনেতা। সকাল সকাল দেবের এই পোস্ট ঘিরে এখন সরগরম নেটপাড়া।
শনিবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রুক্মিণীর উদ্দেশে ভালোবাসা ভরা শুভেচ্ছা বার্তা ভাগ করে নিয়েছেন দেব। ক্যাপশনে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন রুক্মিণী… ঈশ্বর তোমাকে প্রচুর সুখ ও শান্তিতে ভরিয়ে রাখুন। সুস্থ থেকো এবং যেমন আছো তেমনই থেকো।”
শুভেচ্ছার পাশাপাশি দেব উপহার হিসেবে তুলে ধরেছেন রুক্মিণীর আসন্ন সিনেমা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’-র (Bike Ambulance Dada) নতুন একটি লুক। উত্তরবঙ্গের করিমূল হকের জীবন অবলম্বনে তৈরি এই সিনেমায় রুক্মিণীকে দেখা যাবে করিমূলের স্ত্রী মঞ্জুর ভূমিকায়। পোস্টারে সালোয়ার কামিজ, হালকা মেকআপ ও স্নিগ্ধ হাসিতে এক অন্য রুক্মিণীকে খুঁজে পেয়েছেন দর্শক। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ সময় পর ফের দেব-রুক্মিণী জুটিকে রুপোলি পর্দায় দেখতে পাবেন অনুরাগীরা।
২০১৭ সাল থেকে টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব (Dev) ও রুক্মিণী। বহুবার তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হলেও, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় নিজেদের সম্পর্ককে আগলে রেখেছেন তাঁরা। দেবের প্রযোজনা সংস্থায় কাজ হোক বা ব্যক্তিগত জীবন— সব ক্ষেত্রেই রুক্মিণীর পাশে দেখা গেছে দেবকে। অন্যদিকে, নিজের পরিশ্রমে মুম্বইয়ে কাজের সুযোগ করে নেওয়া থেকে শুরু করে অভিনয় দক্ষতা— রুক্মিণীও প্রতি পদে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।
‘চ্যাম্প’, ‘কিশমিশ’, ‘পাসওয়ার্ড’, ‘কিডন্যাপ’-এর মতো সুপারহিট ছবির পর, এখন দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র মাধ্যমে এই জুটির নতুন রসায়ন দেখার জন্য। দেবের এই বিশেষ পোস্টে মন্তব্যবাক্যে অনুরাগীরাও অভিনেত্রীকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

