শিলিগুড়ি: দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়। সেইমতো দুর্যোগের পর তিস্তাতে (Teesta river) বন্ধ হয়ে যাওয়া রিভার র্যাফ্টিং পুনরায় চালু করা হয়েছে গত সপ্তাহ থেকে (River Rafting)। ফের র্যাফ্টিং চালু হলেও একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে জিটিএ। লাইফ জ্যাকেট, হেলমেট পরার পাশাপাশি নদীতে স্টান্ট যাতে কেউ না করে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। দক্ষ গাইডদের এব্যাপারে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
এনিয়ে জিটিএ পর্যটন বিভাগের ফিল্ড ডিরেক্টর দাওয়া গ্যালপো শেরপা বলেন, ‘রিভার র্যাফ্টিংয়ের আকর্ষণ পর্যটকদের মধ্যে খুব বেশি। তাই পর্যটন মরশুমে পুনরায় তা চালু করার জন্য গাইডদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’
অ্যাডভেঞ্চার ট্যুরিজমের অন্যতম আকর্ষণ হল তিস্তায় রিভার র্যাফ্টিং। তিস্তায় এই রোমাঞ্চকর অনুভূতি নিতে দেশ, বিদেশের পর্যটকরা আসেন। যদিও দুর্যোগের পর ফের পর্যটকরা র্যাফ্টিং নিয়ে কতটা আগ্রহ দেখাবেন তা নিয়ে সংশয় ছিল। তবে র্যাফ্টিং পুনরায় চালু হওয়ার পর দেখা গিয়েছে পর্যটকদের মধ্যে একই ধরনের আকর্ষণ রয়েছে র্যাফ্টিং নিয়ে।
এ বিষয়ে জিটিএ’র তরফে জানানো হয়েছে, পুনরায় র্যাফ্টিং চালু হতেই খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে। তবে কোনওরকম দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য সবরকমের সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
