উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালে বাংলাদেশের (Bangladesh Unrest) টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের সাদা বলের সিরিজটি স্থগিত হয়ে গিয়েছিল। দীর্ঘ টালবাহানার পর অবশেষে সেই সিরিজের নতুন দিনক্ষণ চূড়ান্ত করল বিসিবি (India Vs Bangladesh)। বোর্ডের (BCB) ক্রিকেট অপারেশন্সের প্রধান শাহরিয়ার নাফিস জানিয়েছেন, বিসিসিআই-এর (BCCI) সঙ্গে আলোচনার পর স্থগিত সিরিজটি পুনরায় সূচিভুক্ত করা হয়েছে।
বিসিবি-র ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৮ অগাস্ট বাংলাদেশে যাবে ভারতীয় দল। সফরে তিনটি একদিনের ম্যাচ (ODI) এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। জানা গিয়েছে, চলতি বছরের ১, ৩ এবং ৬ সেপ্টেম্বর বাংলাদেশের মাটিতে একদিনের ম্যাচ খেলবে ভারত। এছাড়া ৯, ১২ এবং ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন সূর্যরা।
শুধু ভারতের সঙ্গেই নয়, বাংলাদেশে ২০২৬ সালে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে যাবে। ৯ মার্চ বাংলাদেশ যাবে পাকিস্তান। ১২-১৬ মার্চের মধ্যে হবে তিনটি ওডিআই। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে মে মাসে দুটি টেস্ট খেলতে আবারও আসবে তারা। এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ড বাংলাদেশের মাটিতে খেলবে তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি (১৭ এপ্রিল – ২ মে)। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ শেষের পরের মাসের ৫ জুন বাংলাদেশের মাটিতে পা রাখবে অজি বাহিনী। তারা খেলবে তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি। অক্টোবর-নভেম্বর মাসে দুটি টেস্ট খেলতে আসবে ক্যারিবিয়ান দল।
বাংলাদেশে এখনও রাজনৈতিক অস্থিরতা সম্পূর্ণ কাটেনি। তা সত্ত্বেও একের পর এক বড় দলের সফরসূচি ঘোষণা করে বিসিবি আন্তর্জাতিক মহলকে ইতিবাচক বার্তা দিতে চাইছে। বিসিবি-র বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিটি সিরিজের পূর্ণাঙ্গ ভেন্যু ও সময়সূচি খুব দ্রুত প্রকাশ করা হবে। ভারতের মতো হাই-প্রোফাইল দলের সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা যে নিশ্ছিদ্র করা হবে, সে বিষয়েও আশ্বাস দিয়েছে বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের সঙ্গে সিরিজের সময়সুচি ঘোষণা করলেও ভারত আদৌ বাংলাদেশের মাটিতে খেলতে যাবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি বিসিসিআই।
