Rishabh Pant | জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! স্লো ওভার-রেটের জন্য ১২ লাখ টাকা জরিমানা ঋষভ পন্থের

Rishabh Pant | জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! স্লো ওভার-রেটের জন্য ১২ লাখ টাকা জরিমানা ঋষভ পন্থের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সময়টা যেন কিছুতেই ভালো যাচ্ছে না লখনউ সুপার জায়ান্টসের (LSG) অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant)। দীর্ঘদিন পর তাঁর ফ্র্যাঞ্চাইজি জয়ে ফিরলেও, সেই উদযাপনের রেশ কাটার আগেই বড় ধাক্কা খেলেন ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার। চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে স্লো ওভার-রেটের কারণে তাঁকে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে আইপিএল (IPL) কর্তৃপক্ষ।

চলতি মরশুমে লখনউয়ের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। ২৭ কোটি টাকার বিশাল অঙ্কে দলে এলেও পন্থ ব্যাটে বা নেতৃত্বে কোনোভাবেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। দল অনেক আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে রয়েছে। এমন আবহে শুক্রবার রাতে চেন্নাইয়ের বিরুদ্ধে ৭ উইকেটের এক অপ্রত্যাশিত ও দাপুটে জয় তুলে নেয় লখনউ। কিন্তু সেই হাসিমুখ বেশিক্ষণ স্থায়ী হলো না।

বিসিসিআই (BCCI) এবার প্রতিটা ম্যাচ সাড়ে তিন ঘণ্টার মধ্যে শেষ করার বিষয়ে অত্যন্ত কঠোর। আইপিএল-এর আচরণবিধির আর্টিকল ২.২২ ধারা অনুযায়ী, লখনউ নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় পন্থকে এই জরিমানা করা হয়েছে। চলতি মরশুমে এটি লখনউয়ের প্রথম ভুল হওয়ায় জরিমানার অঙ্ক ১২ লাখ টাকাতেই সীমাবদ্ধ রয়েছে, তবে পরবর্তীতে একই ভুল হলে শাস্তির মাত্রা আরও বাড়বে। এই শাস্তির ফলে শুবমান গিল, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া ও ঋতুরাজ গায়কোয়াড়দের মতো অধিনায়কদের তালিকায় নাম লেখালেন পন্থও। টুর্নামেন্টের ১০টি দলের মধ্যে ইতিমধ্যেই ৭টি দলের অধিনায়ক এই জরিমানার মুখে পড়েছেন।

অথচ শুক্রবারের ম্যাচটি ছিল লখনউয়ের জন্য দারুণ এক কামব্যাক। প্রথমে ব্যাট করে সিএসকে ১৮৭/৫ রান তোলে। লখনউ পেসার আকাশ সিং ২৬ রানে ৩ উইকেট নিয়ে শুরুতে ধাক্কা দিলেও তরুণ কার্তিক শর্মার ৪২ বলে ৭১ রানের ইনিংসে ভর করে লড়াকু স্কোর গড়ে চেন্নাই। জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান মিচেল মার্শ ও জশ ইঙ্গলিস। পাওয়ার প্লে-তেই ওঠে ৮৫ রান। মার্শের ৩৮ বলে বিস্ফোরক ৯০ রান এবং শেষদিকে নিকোলাস পুরানের (৩২*) ঝোড়ো ব্যাটিংয়ে ২০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে লখনউ। কিন্তু মাঠের সেই দুর্দান্ত জয়ের আনন্দকে ম্লান করে দিল বোর্ডের এই কড়া আর্থিক জরিমানা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *