উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ গত দু’দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি ফিরল হাওড়ার প্রতিশ্রুতিমান রাইফেল শুটার দময়ন্তী সেন (Rifle Shooter Damayanti Sen)। শনিবার ভোরে হাওড়া জেলার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে ১৫ বছরের এই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। দময়ন্তীর খোঁজ মেলায় দীর্ঘ ৪৮ ঘণ্টার উদ্বেগ কাটল সেন পরিবারে।
পুলিশ সূত্রে জানা গেছে, দময়ন্তীর প্রাথমিক বয়ানে উঠে এসেছে এক পারিবারিক মনোমালিন্যের কথা। শুটিং ও পড়াশোনার মধ্যে ভারসাম্য বজায় রাখতে না পেরে সে প্রচণ্ড মানসিক চাপে ভুগছিল। দময়ন্তী পুলিশকে জানিয়েছে, পড়াশোনার চাপ এবং অনুশীলনের ব্যস্ততার কারণে পরিবারের সাথে মতবিরোধের জেরে সে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এবং এই দু’দিন একা একাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছে।
পুলিশি তদন্তে জানা যায়, বৃহস্পতিবার সকালে দুধ কিনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হওয়ার পর দময়ন্তীর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার নিখোঁজ ডায়েরি করলে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে শেষবার তাকে হাওড়া স্টেশনে দেখতে পায়। আশ্চর্যজনকভাবে, সে নিজের মোবাইল ফোনটি বাড়িতেই রেখে গিয়েছিল। দময়ন্তীকে শনিবার হাওড়া আদালতে হাজির করানো হবে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে পুরো ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ তার বয়ান খতিয়ে দেখছে।
দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন স্বস্তির নিঃশ্বাস ফেলে জানান, মেয়ে যে সুস্থ অবস্থায় ফিরে এসেছে, এটাই বড় কথা। পড়াশোনা ও শুটিং অনুশীলনের সামঞ্জস্য রক্ষায় যে মেয়ের সমস্যা হচ্ছিল, তা তিনি স্বীকার করেছেন। দময়ন্তী বিখ্যাত অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী এবং সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালেও সুযোগ পেয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অতিরিক্ত চাপ ছিল কি না, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

