উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাড়ির খুদে সদস্যের খাবার নিয়ে বায়নাক্কা নতুন কিছু নয়। সয়াবিন দেখলেই নাক সিঁটকানোর স্বভাব তাদের অনেকেরই। কিন্তু পুষ্টিগুণে ভরপুর এই সয়াবিন যদি পরিবেশন করা হয় সুস্বাদু ‘সয়াবিনের মুইঠ্যা’ হিসেবে, তবে স্বাদ ও গন্ধে মাতোয়ারা হয়ে সন্তান তৃপ্তি করে খাবে। শুধু বাড়ির খুদে সদস্যই নয়, অতিথি আপ্যায়নে বা দুপুরের পাতে নিরামিষ পদ হিসেবেও এর জবাব নেই (Recipe)।
প্রয়োজনীয় উপকরণ:
১০০ গ্রাম সয়াবিন
২ টেবিল চামচ বেসন
আদা-কাঁচা লংকা বাটা
জিরে-ধনে গুঁড়ো
হলুদ-কাশ্মীরি লংকার গুঁড়ো
গরম মশলা
হিং
গোটা জিরে
তেজপাতা
এলাচ
দারচিনি
টমেটো
আলু
নুন
চিনি
সর্ষের তেল
প্রণালী:
প্রথমে নুন জলে সয়াবিন ৪-৫ মিনিট ফুটিয়ে নিন। জল ঝরিয়ে চিপে নিন এবং মিক্সিতে কিমার মতো আধা-বাটা করে নিন। এবার এই সয়াবিনের সঙ্গে বেসন, সামান্য আদা-কাঁচা লংকা বাটা এবং সব গুঁড়ো মশলা ভালো করে মেখে ছোট ছোট গোল মুইঠ্যার আকার দিন। কড়াইতে তেল গরম করে মুইঠ্যাগুলো লালচে করে ভেজে তুলে নিন।
এরপর ওই তেলেই ডুমো করে কাটা আলু ভেজে নিন। এবার গোটা গরম মশলা, হিং ও জিরে ফোড়ন দিন। টমেটো কুচি ও আদা-লংকা বাটা দিয়ে মশলা কষান। মশলা থেকে তেল ছাড়লে ভাজা আলু ও পরিমাণমতো গরম জল দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মুইঠ্যাগুলো দিয়ে দিন। ১০-১২ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। নামানোর আগে সামান্য ঘি ও গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি জিভে জল আনা সয়াবিনের মুইঠ্যা।

