উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আহারে! গরম ভাতে কলাপাতায় মোড়া ছোট মাছের চচ্চড়ি— জাস্ট ভাবলেই জিভে জল চলে আসে। একদম ঘরোয়া পদ্ধতিতে, কীভাবে এই পদটি রাঁধবেন, দেখে নিন একনজরে।
কী কী লাগবে?
-
পাঁচমিশালি ছোট মাছ: ৫০০ গ্রাম (ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া)
-
পেঁয়াজ কুচি: ১ কাপ
-
রসুন বাটা: ১ চা-চামচ
-
শুকনো লঙ্কা বাটা: দেড় টেবিল চামচ (ঝাল নিজের বুঝে)
-
হলুদ গুঁড়ো: ১ চা-চামচ
-
ধনে গুঁড়ো: আধ চা-চামচ
-
কাঁচা লঙ্কা চেরা: ৫-৬টা
-
পাকা টমেটো কুচি: আধ কাপ
-
নুন: স্বাদমতো
-
ধনেপাতা কুচি: এক মুঠো
-
সর্ষের তেল: সিকি কাপ (এটাই আসল ম্যাজিক!)
-
কলাপাতা: রান্নার প্রধান উপকরণ
কীভাবে রাঁধবেন? ১. প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা বড় বাটিতে নিন। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর নুন দিয়ে দিন। ওপর থেকে অনেকটা সর্ষের তেল ঢেলে হাত দিয়ে ভালো করে মেখে নিন। মশলা যেন মাছের গায়ে একদম লেপ্টে থাকে।
২. এবার কলাপাতাটা ভালো করে ধুয়ে মুছে নিন। পাতার মাঝখানের মোটা অংশটা ছুরি দিয়ে একটু চিরে দিন যাতে মুড়তে সুবিধে হয়। পাতাটা চাটুর ওপর হালকা সেঁকে নিন, তাহলে মোড়ানোর সময় ফেটে যাবে না।
৩. এবার পাতার মাঝখানে মশলা মাখা মাছগুলো সুন্দর করে পাতলা করে বিছিয়ে দিন। চারপাশ থেকে পাতাটা মুড়ে একটা পার্সেলের মতো বানিয়ে ফেলুন। যাতে তেল-মশলা বেরিয়ে না আসে, তাই ওপর থেকে আরও একটা পাতা দিয়ে মুড়িয়ে সুতো বা টুথপিক দিয়ে ভালো করে আটকে নিন।
৪. তাওয়া গরম করে আঁচ একদম সিম করে দিন। এবার মাছের প্যাকেটটা বসিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দিন। এই ধিমে আঁচে মিনিট ১৫ হতে দিন। তারপর খুব সাবধানে উল্টে দিয়ে আরও ১৫ মিনিট রাখুন।
ব্যাস! পাতা খুললেই যে সুগন্ধ বেরোবে, তাতেই অর্ধেক খাওয়া হয়ে যাবে। ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখুন, স্বর্গীয় লাগবে!
