উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুরে (Nagpur) এক ভয়াবহ গ্যাস লিক কাণ্ডে (Chlorine fuel leak) চরম চাঞ্চল্য ছড়াল। সোমবার ভোরে একটি জল পরিশোধন কেন্দ্র থেকে ক্লোরিন গ্যাস লিক করায় প্রায় ৪০ জন অসুস্থ হয়ে পড়েন। গ্যাস ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই এলাকায় তীব্র শ্বাসকষ্ট ও কাশির সমস্যা দেখা দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে দ্রুত আক্রান্তদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে গোধানি নগর পঞ্চায়েতের ফাগো পাটিল লেআউট এবং নাগ মন্দির টেকড়ি সংলগ্ন জল শোধনাগার বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে। সেখানে থাকা একটি ৯০০ কিলোগ্রামের ক্লোরিন গ্যাসের সিলিন্ডার থেকে হঠাৎই গ্যাস লিক শুরু হয়। গ্যাসটি দ্রুত আশেপাশের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়লে বাসিন্দারা চোখে জ্বালা, সর্দি এবং তীব্র শ্বাসকষ্টের শিকার হন।
এই ঘটনায় প্ল্যান্টের প্রায় ৮ থেকে ১০ জন কর্মী এবং আশেপাশের ২০ থেকে ২৫ জন সাধারণ বাসিন্দা আক্রান্ত হন। খবর পাওয়া মাত্রই পুলিশ, দমকল বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-এর বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও গ্যাস নিষ্ক্রিয় করার অভিযান শুরু করে। এনডিআরএফ কর্মীরা বিশেষ প্রতিরক্ষামূলক স্যুট বা প্রোটেক্টিভ সুট পরে শোধনাগারের ভেতরে প্রবেশ করেন। দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দমকল, এনডিআরএফ এবং অরেঞ্জ সিটি ওয়াটারওয়ার্কসের কর্মীদের যৌথ সহায়তায় লিক হওয়া ক্লোরিন সিলিন্ডারটিকে কস্টিক সোডা মেশানো জলের একটি ট্যাঙ্কে ডুবিয়ে রাখা হয়। নিরাপত্তার খাতিরে সকাল ১১টা পর্যন্ত প্ল্যান্টের আশেপাশের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষকে প্রবেশ না করার নির্দেশ দিয়েছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছেন।

